২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার তামিল বিদ্রোহীকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কা

–তামিল বিদ্রোহীদের দুটি সন্দেহভাজন নৌযান ধ্বংস করে চারজনকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। দেশটির সেনাবাহিনীর একটি সূত্র একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 04:23 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সূত্র আরও জানায়, নৌবাহিনীর টহলদার নৌযান শুক্রবার উত্তর - পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় পুত্তালাম জেলায় ছোট ছোট কয়েকটি দ্বীপের কাছে বিদ্রোহীদের দুটি সন্দেহভাজন নৌযান ডুবিয়ে দেয়। এতে চার বিদ্রোহী নিহত হয়। নৌযান দুটি থেকে ডুবুরিরা বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে বলে সূত্র দাবি করে।

নৌবাহিনীর মুখপাত্র ডিকেপি দেশানায়েকে বলেন, “শুক্রবার সকালে ভারতের দিক থেকে আসা দুটি সন্দেহভাজন নৌযানের অস্তিত্ব খুঁজে পাওয়ার পর তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা আমাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। আমরা পাল্টা গুলি ছুড়ে চার সন্দেভাজন বিদ্রোহীকে হত্যাসহ নৌযান দুটি ডুবিয়ে দেই।”

“নৌবাহিনীর ডুবুরিরা ভারতে তৈরি দেড় লাখ স্টিলের বলভর্তি ২৮টি ব্যাগ উদ্ধার করেছে। এসব ক্লেমর মাইন তৈরিতে ব্যবহৃত হয়।”

তবে এ ঘটনা সম্পর্কে তামিল বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।