চেচনিয়ার প্রেসিডেন্ট পদে কাদিরভকে নিয়োগ দিয়েছেন পুতিন
চেচনিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রামজান কাদিরভকে নিয়োগ দিয়েছেন ভাদিমির পুতিন। ৩০ বছর বয়সী সাবেক এ বিদ্রোহী নেতা এর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বৃহস্পতিবার জানান, “প্রেসিডেন্ট পুতিন চেচনিয়ার প্রেসিডেন্ট আলু আলখানভের পদত্যাগপত্র গ্রহণ করে সে পদে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রামজান কাদিরভকে নিয়োগ দিয়েছেন।”
গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান কাদিরভ। তার বাবা আখমাদ কাদিরভ এক সময় চেচনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০০৪ সালে বোমা হামলায় মারা যান আখমাদ। তার পর ওই পদে অধিষ্ঠিত হন আলখানভ।
এক সময়ের প্রবল রুশবিরোধী আখমাদভ ও রামজান ১৯৯৯ সালে নাটকীয়ভাবে অবস্থান পরিবর্তন করেন। এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও লড়েন তারা।
সময়ের পরিবর্তনে ক্রেমলিনের আস্থাভাজন হয়ে উঠেন রামজান কাদিরভ। চেচনিয়ায় কাদিরভের একটি বাহিনী সক্রিয় রয়েছে। ওই বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাস, খুন ও অপহরণের অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে কাদিরভের বক্তব্য, যুদ্ধবিধ্বস্ত একটি এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে তার বাহিনী।
কাদিরভকে প্রেসিডেন্ট নিয়োগের ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়ে তার অনুসারীরা। কালাশনিকভ রাইফেলের ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে গ্রজনির রাস্তায় নেমে আসে তারা। রয়টার্সের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, ওই সময় পথঘাট ফাঁকা হয়ে যায়।
রামজান কাদিরভ বলে আসছিলেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান না। বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদিরভের দপ্তর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
