২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রোর সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ছেলে ফিদেলিতো

কিউবার জনগণ আর বিশ্বব্যাপী বিপ্লবীদের আশা পূরণ করে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন কমরেড ফিদেল। এ বিশ্বাস প্রেসিডেন্ট ফিদেলের ছেলে ফিদেল কাস্ত্রো ডায়াজ বালার্ত ওরফে ফিদেলিতোর। হাভানার বইমেলায় বৃহস্পতিবার তিনি একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 03:39 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ফিদেলের সাত সন্তানের মধ্যে বড়  ৫৭ বছর বয়সী ডায়াজ বালার্ত কিউবাবাসীর কাছে ‘ফিদেলিতো’ নামে পরিচিত। রাশিয়ায় পড়াশোনা করা এ পরমাণু পদার্থবিদ হাভানার বইমেলায় ফিদেলের স্বাস্থ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাচা রাউল কাস্ত্রোর মতামতের প্রতিধ্বনি করে বলেন, “আমিও একইরকম ধারণা পোষণ করি।”

গত সপ্তাহে রাউল কাস্ত্রো বলেছিলেন, “তিনি দিনদিন সুস্থ হয়ে উঠছেন, প্রচুর ব্যায়াম করছেন, টেলিফোনে কথা বলছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়েই তাকে অবগত করা হচ্ছে এবং তার পরামর্শ নেওয়া হচ্ছে।”

ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট রিকার্ডো আলারকনও মঙ্গলবার বলেন, ফিদেল ‘দ্রুত গতি’তে  সুস্থ হয়ে উঠছেন। তবে ফিদেল কবে জনজীবনে ফিরে আসতে পারবেন সে সম্পর্কে কিছু বলেননি তিনিও।

গত বছর ৩১ জুলাই গুরুতর শারীরিক অসুস্থতার জন্য ছোট ভাই প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রীয় জীবন থেকে সরে দাঁড়ান ফিদেল। এরপর তার কিছু ভিডিও ফুটেজ দেখানো হলেও জনজীবনে দেখা যায়নি তাকে।

দুই আমেরিকা মহাদেশের একমাত্র কমিউনিস্ট রাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো øায়ুযুদ্ধকালীন বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু ৮০ বছর বয়সী ফিদেল পুরোপুরি সুস্থ হয়ে উঠে আবার দেশের শাসনভার নেওয়ার মতো অবস্থায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গেছে।