মার্কিন ভিসা পেতে ব্যর্থ হয়েছিল অ্যান ফ্রাঙ্কের পরিবার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান ফ্রাঙ্কের পরিবার পালাতে চেয়েছিল ইউরোপ থেকে। আর সেজন্য অ্যানের বাবা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে অর্থ সাহায্য চেয়েছিলেন নিউইয়র্কে তার এক ধনী বন্ধুর কাছে। তবে তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
বুধবার অ্যান ফ্রাঙ্কের বাবা অটো ফ্রাঙ্কের বেশ কিছু চিঠিপত্র প্রকাশ করা হলে সেখানে এ তথ্য পাওয়া যায়। নিউইয়র্ক শহরের ইহুদি বিষয়ক গবেষণা সংস্থা ‘জিয়োভা ইন্সটিটিউট ফর জিউইশ রিসার্চ’র আর্কাইভে সংরক্ষিত বেশ কিছু চিঠিপত্র ও দলিলপত্র ঘেঁটে এ তথ্য খুঁজে পান জিয়োভার এক স্বেচ্ছাসেবী। উদ্ধারকৃত এসব চিঠি, টেলিগ্রাম ও সরকারি কাগজপত্র লেখা হয়েছিল ১৯৪১ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে।
চিঠি থেকে জানা যায়, অটো ফ্রাঙ্ক নিউইয়র্কে বসবাসকারী কলেজ জীবনের বন্ধু নাথান স্ট্রস জুনিয়রের কাছে পাঁচ হাজার মার্কিন ডলার চেয়েছিলেন। এছাড়া স্ত্রী, শাশুড়ি, দুই মেয়ে মার্গট ও অ্যানকে নিয়ে হল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে চলে আসার ইচ্ছা ছিল আটো ফ্রাঙ্কের।
তবে তার ভিসার আবেদন মঞ্জুর না হওয়ায় ওই পাঁচ হাজার ডলারের আর প্রয়োজন হয়নি।
আর্কাইভে রক্ষিত অসংখ্য কাগজপত্রের মধ্য থেকে ২০০৫ সালে এই চিঠিগুলো উদ্ধার করা হলেও কপি রাইট সংক্রান্ত নিষেধাজ্ঞা থাকায় এগুলো প্রদর্শনীতে দেরি হয়ে যায়।
চিঠিপত্রগুলো বলে দেয়, অটো ফ্রাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আশ্রয় নেওয়ার জন্য আরেকটি দেশকে বেছে নিয়েছিলেন। দেশটি হচ্ছে কিউবা। কিউবা ১৯৪১ সালের ১ ডিসেম্বর ফ্রাঙ্ক পরিবারকে ভিসা মঞ্জুর করলেও জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ১০ দিন পর তা বাতিল করে দেয় দেশটি।
এরপর নাৎসী নিধন থেকে রক্ষা পেতে ১৯৪২ সাল থেকে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় অ্যান ফ্রাঙ্কের পরিবার। এই সময়টারই (১৯৪২ - ১৯৪৫) মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যায় ছোট্ট মেয়ে অ্যান ফ্রাঙ্কের ডায়েরিতে।
এ প্রসঙ্গে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড এঙ্গেল বলেন, “অটো ফ্র্যাঙ্ক যে হল্যান্ড থেকে পালাতে চেয়েছিলেন তার অকাট্য প্রমাণ এই চিঠিপত্রগুলো।”
স্ট্রসকে এক চিঠিতে অটো লিখেছেন, “আমাদের ভাগ্য নিয়ে খুব বেশি চিন্তা করি না। মেয়েদুটোর নিরাপত্তাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। তুমিই একমাত্র ব্যক্তি যার কাছে আমি সাহায্য চাইতে পারে।”
প্রসঙ্গত, সে সময় ‘মার্কিন হাউজিং অথোরিটি’র প্রধান ছিলেন স্ট্রস। এছাড়া, বিখ্যাত মেসিস ডিপার্টমেন্ট স্টোরের মালিকও ছিলেন তিনি।
অটো তার স্ত্রীর ভাই যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসকারী জুলিয়াস হল্যান্ডারের কাছ থেকেও সাহায্য পেয়েছিলেন।
১৯৪৫ সালে ১৫ বছর বয়সে জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যান অ্যান ফ্রাঙ্ক।
“অটো ফ্রাঙ্ক যদি আরও আগে সাহায্য চাইতেন তাহলে হয়তো অ্যান ফ্রাঙ্ক বেঁেচ যেত। আর তাহলে এখন তার বয়স হতো ৭৭। বোস্টনে একজন কৃতি লেখক হিসেবেই বসবাস করতেন তিনি,” বলেন আমেরিকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রিচার্ড ব্রেটম্যান।
