দিল্লির ফুটপাতে খাবার বিক্রি নিষিদ্ধ হচ্ছে
রাস্তার পাশে গরম গরম সমুচা কিংবা পরোটা ভাজা হচ্ছে, আর এসব খেতে ভিড় লেগেই আছে সেখানে। এটা দিল্লির অতি চেনা একটি দৃশ্য। এ জন্য ‘পরোটাওয়ালা গলি’- এরকম নামও রয়েছে বিশেষ স্থানের। শুধু তাই হয়, রীতিমতো ঐতিহ্য হিসেবেই এ খাবার স্থান করে নিয়েছে পর্যটকদের জন্য ছাপা পুস্তিকাতেও।
তবে সেই চেনা দৃশ্য আর দেখা যাবে না, পর্যটকরাও আর সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন না। এ ভাবনাটাই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। কারণ ফুটপাতে খোলা খাবার বিক্রি নিষিদ্ধ করছে ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
আধুনিক নগরে ফুটপাতে খোলা খাবার বেমানান, তাই দীর্ঘকালের ঐতিহ্য বিসর্জনের এ সিদ্ধান্ত। নতুন সিদ্ধান্তের আওতায়
শহরের নির্দিষ্ট কিছু স্থানে খাবার বিক্রি করা যাবে। তবে সে খাবার অবশ্যই বাসা থেকে বানিয়ে আনতে হবে। রাস্তায় খাবার তৈরি করা কিছুতেই মেনে নেওয়া হবে না।
অথচ, পুুলিশকে মাসোহারা দিয়েই এতদিন এ ব্যবসা চালিয়ে আসছেন ফুটপাতের এ ক্ষুদে ব্যবসায়ীরা। এদেরই একজন মাধু কিশোর। তিনি জানান, “দিল্লিতে অন্য হকারদের কাছ থেকে যত চাঁদা পুলিশ নেয়, তার তিনগুণ পায় ফুটপাতের খাবার দোকানিদের কাছ থেকে।”
তাই আইন করে এটা নিষিদ্ধ করা হলেও এর প্রয়োগ যথাযথভাবে হবে কিনা, তা নিয়ে সংশয় অনেকেরই।
