২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার কারণে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাকার্তা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বন্যা পরিস্থির কিছুটা উন্নতি হলেও এখনো বেশিরভাগ স্থান পানিতে ডুবে থাকায় গৃহহীন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। বন্যায় জাকার্তাসহ পাশের বেকাসি ও তাঙ্গেরাঙ শহরের তিন লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 02:28 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার জাকার্তার অনেক এলাকায় পানি সরে গেছে। সোমবার রাতে প্রচুর বৃষ্টি হলেও মঙ্গলবার আবহাওয়া ছিল পরিষ্কার। 

বন্যা সঙ্কট মোকাবেলা কেন্দ্রের এক কর্মকর্তা মোহাম্মদ সুলিস্তিও জানান, রাজধানীর পূর্বাঞ্চলীয় ক্যাম্পাং মেলায়ু জেলা এখনো ১০ ফুট পানির নিচে তলিয়ে আছে।

জাকার্তার ৪৪টি জেলার মধ্যে ৪০টি বন্যা উপদ্রুত হয়েছে বলে তিনি জানান।  

জাকার্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিনি সর্যুন্তি জানান, চিকিৎসা কর্মীরা রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে পয়োঃনিষ্কাশন ব্যবস্থার ওপর নজর রাখছেন।

“তেলাপোকা ও ইদুঁরের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। লোকজনের উচিত সাবান ব্যবহার করে নিজেদের পরিষ্কার--পরিচ্ছন্ন রাখা।”

এদিকে জাকার্তা পোস্ট পত্রিকা জানায়, বন্যা উপদ্রুত এলাকায় অ্যান্টিবায়োটিক ওষুধের সরবরাহ কমে আসছে।

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ইতোমধ্যে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কেতুত উনতুং ইয়োগা আনা। এদের অধিকাংশই হয় বন্যার পানিতে ডুবে গেছেন, নয়তো বিদ্যুতপৃষ্ট হয়েছেন।

তিনি আরো জানান, কিলিউং নদীর পানি না কমলেও নদী থেকে দূরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

এছাড়া বন্যার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার পাশাপাশি টেলিযোগাযোগ বিঘিœত হওয়ার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন ব্যবসায়ী ও কর্মকর্তারা।