ইরাকের হিলায় আত্মঘাতী বোমায় নিহত ৬১
বাগদাদের হিলায় আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার ৬১ ইরাকি নিহত হয়েছেন। আহত হন দেড় শতাধিক। এছাড়া পৃথক কয়েকটি বিস্ফোরণ ও মর্টার হামলায় নিহত হয়েছেন আরো ১১ জন। পুলিশ জানায়, শিয়া অধ্যুষিত হিলা শহরের জনাকীর্ণ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দুটি বোমা পর পর বিস্ফোরিত হয়।
শরীরে বোমা বহনকারী এক ব্যক্তিকে পুলিশ মাক্তাবাত বাজার থেকে আটক করার সময় সে প্রথম বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় বাজারে ছিল প্রচণ্ড ভিড়। এর পরপরই সেখানে আরেকটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহতদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ বাতাসে ভাসছিল।
বিস্ফোরণে বাজারটির কাঠের দোকানগুলোতেও আগুন ধরে যায়।
কারাদায় আরো একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছয় জন নিহত ও ১২ জন আহত হন। বোমাটি একটি মিনিবাসের ওপর বিস্ফোরিত হয় বলে জানা গেছে। ওই সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
বাগদাদের সবচেয়ে বড় বাজারের শহর রুসাফিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন তিন ইরাকি। আহত হয়েছে আরো সাত জন।
এছাড়া, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুন্নি অধ্যুষিত শহর আদহামিয়ায় মর্টার হামলায় দুজন নিহত ও নয়জন আহত হন।
