নেপাল সরকারের সঙ্গে আলোচনায় মাধেসিদের শর্তারোপ
প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালার আহ্বানে সাড়া দিয়ে অবশেষে আলোচনায় বসতে সম্মত হয়েছে নেপালের মাধেসি জাতিগোষ্ঠী।
তবে তার আগে মাধেসিদের ওপর পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন মাধেসি পিপলস রাইটস ফোরামের (এমপিআরএফ) শীর্ষ নেতা উপেন্দ্র যাদব।
শুক্রবার তিনি বলেন, মাধেসিদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ এবং অবিলম্বে একটি শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ সৃষ্টি করা দরকার।
দক্ষিণ সমভূমি অঞ্চল তেরাইয়ের ক্ষুদ্র জাতিসত্ত্বা মাধেসি সম্প্রদায়ের অব্যাহত বিক্ষোভ ও সহিংসতার মুখে প্রধানমন্ত্রী কৈরালা বুধবার নেপালকে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্র হিসেবে গড়ার অঙ্গিকার করেন। এছাড়া, নেপালের গণপরিষদে মাধেসি জাতিগোষ্ঠীর উপস্থিতি ও প্রতিনিধিত্ব বাড়ানো হবে বলেও আশ্বাস দেন কৈরালা। এর দুদিন পর সরকারের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন যাদব।
তবে কৈরালার প্রস্তাবে কিছুটা সংশয় প্রকাশ করে উপেন্দ্র যাদব বলেন, “তার প্রস্তাব ইতিবাচক হলেও অসম্পূর্ণ। পার্লামেন্টে মাধেসিদের সমানুপাতিক উপস্থিতির জন্য একটি অবাধ নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থা থাকা দরকার।”
এছাড়া, মাধেসিদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলনে হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশদের উপযুক্ত শাস্তি দাবি করে এরপরই কেবল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার কথা ভাববেন বলে জানান তিনি।
উল্লেখ্য, মাধেসি জাতিগোষ্ঠি গত দু সপ্তাহ ধরে দেশের পার্লামেন্ট, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের সর্বস্তরে সঠিক প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছে। এতে পুলিশের গুলি ও নির্যাতনে অন্তত ১৩জন নিহত ও শতাধিক আহত হন।
