দেওটাং, ভুটান, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শত বছরের রাজতন্ত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক ধারায় প্রবেশের প্রথম পরীক্ষার ঐতিহাসিক নির্বাচন সোমবার শুরু হয়েছে ভুটানে। এ নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন। এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথে পা বাড়াবে ভুটান।
জাতীয় পরিষদের ২৫ জন সদস্য নির্বাচনের লক্ষ্যে সোমবারের নির্ধারিত এ নির্বাচনের মধ্য দিয়ে ভূটানের জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে। পরে আগামী বছরের ফেব্র"য়ারি ও মার্চ মাসে অনুষ্ঠেয় ওই জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে ভুটান পার্লামেন্টের নিম্নকক্ষ।
ভুটানের সাবেক শাসক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক গত বছর তার ছেলের কাছে রাজমুকুট হস্তান্তরের আগে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন। সেই থেকে ভারত ও চীনের মধ্যবর্তী পার্বত্য এ দেশটি এগিয়ে চলেছে গণতান্ত্রিক ধারায় আসার প্রক্রিয়ার মধ্য দিয়ে।
জনগণকে ভোটের সঙ্গে পরিচিত এবং নির্বাচনের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে গত এপ্রিল এবং মে মাসে দুইবার নির্বাচনের মহড়াও হয়েছে ভূটানে। সোমবারের নির্বাচনটি কেবলমাত্র প্রথম ধাপ। ফেব্র"য়ারি ও মার্চের নির্ধারিত নিম্নকক্ষ নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। ওই সময় নবগঠিত রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নিতে পারবে।
ভুটানে সোমবার নির্বাচন শুরু হয়েছে সকাল আটটায়। ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। সব ভোটারই ভুটানের জাতীয় পোশাক পরে ভোট দিতে আসে। কাউকে কাউকে বাচ্চা কোলেও ভোট দিতে আসতে দেখা যায়।
ভুটানে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ৩১২,৮১৭ জন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে ৩৫ বছর বয়স্ক এক ভোটার বলেন, " কম্পিউটারে চাপ দিয়ে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত।"
ভূটানের ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের পাঁচজনকে নির্বাচন করবেন রাজা নিজে। বাকিরা নির্বাচিত হবেন তিন লাখ ১০ হাজার ভোটারের ভোটে। তবে প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের নেতাদের চেয়ে ভুটানের খ্যাতিমান ব্যক্তিদেরই প্রাধান্য দেখা গেছে।
শুক্রবার ভুটানের নির্বাচন কমিশন নির্বচনী কেন্দ্রগুলোতে অস্ত্র ও মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু দিক-নির্দেশনা ঘোষণা করেছে। তাছাড়া, ভুটানে বসবাসরত জাতিগত নেপালিদের সমর্থনে নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহিরা যাতে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যে সাময়িকভাবে নেপাল সীমান্তও বন্ধ রেখেছে ভূটান কর্তৃপক্ষ।
নির্বাচনে যাতে বেশি ভোট পড়ে সেজন্য এ নির্বাচনী মৌসুমে ভারতে বার্ষিক তীর্থযাত্রায় যাওয়া থেকে বিরত থাকার জন্যও জনগণের প্রতি আহ্বান জানায় ভূটান।
নির্বাচনে ভুটানের ২০টি জেলার প্রত্যেকটি থেকে সর্বোচ্চ চারজন করে প্রার্থী নির্বাচিত হবেন। পরে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে ওই চারজনের মধ্য থেকে একজনকে জাতীয় পরিষদের জন্য নির্বাচন করা হবে।
তবে, নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি জেলার ভোটাররা এখনও একজন পর্যন্ত প্রার্থী নির্বচিত করতে সক্ষম হয়নি। তাই ওই পাঁচ জেলার নির্বাচন ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২২ ঘ.
bdnews24