ইসলামাবাদ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পেছনে আল কায়েদার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাতে এ কথা বলেছে।
বেনজিরের দল পাকিস্তান পিপল'স পার্টি (পিপিপি) সরকারের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রশাসন বেনজিরকে রক্ষা করার ব্যর্থতা ঢাকার জন্য আল কায়েদার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় আত্মঘাতী হামলায় প্রাণ হারান দেশটির দুই বারের প্রধানমন্ত্রী বেনজির (৫৪)। ওই ঘটনার পর পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় কমপক্ষে ৩১ জন মারা গেছে বলে সরকারি হিসাবে জানানো হয়েছে।
অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের আগামী ৮ জানুয়ারির সাধারণ নির্বাচন নিয়ে।
শুক্রবার রাতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেন, "আমাদের গোয়েন্দা তথ্য বলছে, বেনজিরের হত্যার পেছনে আল-কায়েদা নেতা বায়তুল্লাহ মেহসুদের হাত রয়েছে।"
বায়তুল্লাহ মেহসুদ পাকিস্তানের শীর্ষ জঙ্গি নেতাদের একজন। আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে তার ঘাঁটি।
চিমা বলেন, "হামলার জন্য মেহসুদ তার লোকদের অভিনন্দন জানাচ্ছে
bdnews24