তাইপে, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের চেষ্টার বিরোধিতা করে আবারও এ চেষ্টা ছেড়ে দিতে তাইপেকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘ সদস্যপদ ইস্যুতে গণভোট অনুষ্ঠানের তাইওয়ানের পরিকল্পনার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, এর ফলে চীনের সঙ্গে তাইওয়ানের মর্যাদাগত বিরোধ আরও তীব্র হবে। কারণ, চীন এখনও স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। আর, ওয়াশিংটন ও বেইজিংয়ের হুমকির মুখেও আগামী মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি জাতিসংঘের সদস্যপদ ইস্যুতে গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করেছে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি।
তাইওয়ানে যুক্তরাষ্ট্র সরকারের 'আমেরিকান ইনিস্টিটিউ' এর চেয়ারম্যান রেমন্ড বারঘারদাত বলেন, "গণভোট অনুষ্ঠানের প্রক্রিয়া তাইওয়ান প্রণালীজুড়ে সম্পর্ক উন্নয়ন আরও কঠিন করবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের মর্যাদা পরিবর্তনের ক্ষেত্রে কোনো সুরাহা আসবে না।"
যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং 'আমেরিকান ইনিস্টিটিউট' তাইওয়ানে যুক্তরাষ্ট্রের দূতাবাস হিসাবে কাজ করছে।
এর আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের প্রচেষ্টা সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা-ই প্রতিফলিত হয়েছে বারঘারদাতের বক্তব্যে।
প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধ অবসানের পর থেকে গণতান্ত্রিক তাইওয়ানের ওপর স্বার্বভৌম ক্ষমতার দাবি জানিয়ে আসছে চীন। পাশাপাশি বেইজিং হুমকি দিয়ে আসছে, দ্বীপটি আনুষ্ঠানিকভাবে নিজেকে রাষ্ট্র বলে ঘোষণা দিলে তার বিরুদ্ধে শক্তি প্রয়োগের।
অন্যদিকে, ওয়াশিংটন ১৯৭৯ সালে চীনের 'এক চীন' নীতির প্রতি স্বীকৃতি জানিয়ে তাইপের পরিবর্তে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা শুরু করে। কিন্তু, একইসঙ্গে মার্কিন কংগ্রেসের 'তাইওয়ান রিলেশন্স অ্যাক্ট' এর আওতায় তাইওয়ানের প্রতিরক্ষায় সহায়তা করতেও প্রতিশ্র"তিবদ্ধ ওয়াশিংটন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১০ ঘ.
bdnews24