২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে শান্তির জন্য তালেবানরা যোগাযোগ করছে: কারজাই

আফগান প্রোসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার জন্য তালেবান জঙ্গি নেতারা ঘন ঘন তার সঙ্গে যোগাযোগ করছেন। এক সংবাদ সম্মেলনে কারজাই বলেন, "আফগানিস্তান এমনকী পাকিস্তানের তালেবানরাও ঘন ঘন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।" বিশেষত গত ৭/৮ মাসে এ ধরনের যোগাযোগ বেড়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

কাবুল, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান প্রোসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার জন্য তালেবান জঙ্গি নেতারা ঘন ঘন তার সঙ্গে যোগাযোগ করছেন। এক সংবাদ সম্মেলনে কারজাই বলেন, "আফগানিস্তান এমনকী পাকিস্তানের তালেবানরাও ঘন ঘন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।" বিশেষত গত ৭/৮ মাসে এ ধরনের যোগাযোগ বেড়েছে বলে জানান তিনি। আফগান এবং পশ্চিমা সেনা কমান্ডার ও কূটনীতিকরা বলছেন, তালেবান জঙ্গি তৎপরতা থামাতে শেষ পর্যন্ত আলোচনার পথেই যেতে হবে। তবে সে আলোচনা শক্ত অবস্থানে থেকেই চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তারা। তালেবান জঙ্গি হামলার কারণে মাত্র এক বছরেই আফগানিস্তানে ৫ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। কারজাই বলেন, " গত ৭/৮ মাসে তালেবানরা আমাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। আর সত্য কথা বলতে, এ সপ্তায় আমি ৫/৬ জন তালেবান নেতার কাছ থেকে সাড়া পেয়েছি। তারা আফগানিস্তানে ফিরে আসার উপায় খুঁজছেন।" ন্যাটো কমান্ডাররা বলছেন, তালেবানরা এখনও একতাবদ্ধ হতে পারেনি। আর কোনো কোনো তালেবান নেতা আলোচনায় আগ্রহী হলেও তারা তাদের দলের সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি। তবে আলোচনা হলে মধ্যপন্থী তালেবানদের বাগে আনতে সুবিধা হওয়ার পাশাপাশি তালেবান আন্দোলনে বিভক্তি তৈরি করাও সম্ভব বলে তারা মন্তব্য করেছেন। কারজাই বলেন, "আমরা যদি তালেবানদের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কথা বলি-- যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে পারব-- তাহলে বলতে হয়, এ ধরনের কোনো ব্যবস্থা তাদের নেই। গোটা তালেবান আন্দোলনের প্রতিনিধিত্ব করে এমন কোনো ব্যক্তি, কার্যালয় কিংবা মুখপাত্রকে আমরা চিনি না যার সঙ্গে আমাদের পারস্পরিক যোগাযোগ হতে পারে।" কারজাই আরও বলেন, "আমরা সেইসব তালেবানদের সঙ্গেই কথা বলতে চাই যারা আল-কায়েদা কিংবা সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত নন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.