২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জরুরি অবস্থার পর আটক ৩৪০০ জনের মুক্তি

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর দেশজুড়ে চালানো গ্রেপ্তার অভিযানে আটক প্রায় ৩ হাজার ৪শ আইনজীবী ও বিরোধীদলীয় কর্মীকে মুক্তি দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ইসলামাবাদ, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর দেশজুড়ে চালানো গ্রেপ্তার অভিযানে আটক প্রায় ৩ হাজার ৪শ আইনজীবী ও বিরোধীদলীয় কর্মীকে মুক্তি দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একথা বলেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চেমা বলেছেন, আরও ২ হাজার জনকে শিগগিরিই মুক্তি দেওয়া হবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অনেক লোকের বিরুদ্ধেই অপরাধের অভিযোগ আাছে এবং আদালত তাদের মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" মুশাররফ সৌদি আরবে পৌঁছার সময়ে জরুরি অবস্থা শিথিলের এই পদক্ষেপ নিয়েছেন। সৌদি আরবে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে মুশাররফ সমঝোতা করতে পারেন বলে জল্পনা কল্পনা চলছে। জরুরি অবস্থা তুলে নেওয়ার চাপের মুখে মুশাররফ সৌদি আরবে যাওয়ার এই পরিকল্পনা নিয়েছেন বলে মনে করা হচ্ছে। মুশাররফের সঙ্গে গেছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম তাজ। তিনি অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনীর প্রধান। মক্কা যাওয়ার পথে জেদ্দায় যাওয়ার আগে কয়েক ঘন্টা মুশাররফ সৌদি আরবে থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে নওয়াজ জেদ্দা থেকে সোমবার রয়টার্সকে জানিয়েছেন, মুশাররফ জরুরি অবস্থা তুলে না নেওয়া পর্যন্ত তার সঙ্গে কোনো বৈঠক করবেন না তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ঘ.