২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের রাজাকে শ্যাভেজ: ক্ষমা চান, নইলে ঝুঁকিতে পড়বে বাণিজ্য

সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদবিরোধী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তাকে 'চুপ' করতে বলার জন্য স্পেনের রাজা হুয়ান কার্লোসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, রাজা কার্লোস তাকে ধমক দেওয়ার জন্য ক্ষমা না চাইলে ভেনেজুয়েলায় স্পেনের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

কারাকাস, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদবিরোধী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তাকে 'চুপ' করতে বলার জন্য স্পেনের রাজা হুয়ান কার্লোসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, রাজা কার্লোস তাকে ধমক দেওয়ার জন্য ক্ষমা না চাইলে ভেনেজুয়েলায় স্পেনের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। স্পেনের 'গ্র"পো সান্তান্দের' এবং 'ব্যাঙ্কো বিলবাও ভিজকায়া আর্জেন্টারিয়া এসএ' ব্যাংকের নাম উল্লেখ করে ভেনেজুয়েলার বামপন্থী নেতা শ্যাভেজ বলেন, স্পেনের বাণিজ্যের কোনো প্রয়োজন নেই ওপেকভূক্ত ভেনেজুয়েলায়। প্রসঙ্গত, ১৯৯৯ সালে শ্যাভেজ ক্ষমতায় আসার পর স্পেন ভেনেজুয়েলায় প্রায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আর স্পেনের সাবেক উপনিবেশ ভেনেজুয়েলায় মোট বিনিয়োগের অর্ধেকের বেশি করেছে এই ব্যাংক দুটি। মঙ্গলবার রাতে কারাকাসে এক রাজনৈতিক সমাবেশে শ্যাভেজ বলেন, "রাজার বলা উচিত, আমি, রাজা, অপরাধ স্বীকার করছি। আমি আমার পক্ষ নিয়েছিলাম। আমি ভুল করেছি।" শ্যাভেজ আরও বলেন, রাজার "ঔদ্ধত্যে" এটা প্রকাশ পেয়েছে যে, দক্ষিণ আমেরিকার প্রতি ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি আজও শেষ হয়নি। এর আগে গত সপ্তায় চিলির রাজধানী সান্তিয়াগোয় আইবোরো-আমেরিকান সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রড্রিগেজ জাপাতেরোর ভাষণে শ্যাভেজ হস্তক্ষেপের চেষ্টা চালালে রাজা কার্লোস তাকে ধমক দিয়ে 'চুপ করতে' বলেন। তার জবাবে শনিবার শ্যাভেজ বলেছিলেন, যিনি আমাদের চুপ করতে বলেছেন তিনি মনে করছেন আমরা এখনও সতেরো, আঠারো শতকের প্রজা। সম্মেলনে দেওয়া ভাষণে শুক্রবার স্পেনের সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া আজনারকে ফ্যাসিবাদের একজন সমর্থক হিসাবে অভিহিত করেন শ্যাভেজ। শনিবার তার ওই বক্তব্যের সমালোচনা করছিলেন স্পেনের প্রধানমন্ত্রী জাপাতেরো। পরের দিন রোববার শ্যাভেজ আরও বলেন, একজন রাজা কোনো প্রেসিডেন্টকে চুপ করতে বলতে পারেন না। কার্লোসকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি জেনে রাখুন, আমরা চুপ করব না।" রাজা কার্লোস ও প্রেসিডেন্ট শ্যাভেজের এ বিতর্ক বিশ্ব মিডিয়ায় সাড়া জাগায়। স্পেনের মিডিয়ায় কার্লোসের এ রাজাগিরির জন্য তিনি প্রসংশিতও হন। যদিও কার্লোস এবং শ্যাভেজের মধ্যকার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকার স্প্যানিশ, পর্তুগীজ ও ক্যাটালান ভাষাভাষি ১৯টি দেশের বার্ষিক ওই শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনটি বাক-বিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫৪ ঘ.