২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে যাচ্ছেন নিগ্রোপন্টে

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে এ সপ্তায় ইসলামাবাদ সফর করবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 06:37 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে এ সপ্তায় ইসলামাবাদ সফর করবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টম ক্যাসি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "আমরা দেখতে চাইছি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ পন্থায় নির্বাচনী পদক্ষেপ এগিয়ে যাক। আমরা জরুরি অবস্থা প্রত্যাহার দেখতে চাই।" তিনি বলেন, নিগ্রোপন্টে এ সপ্তাহের শেষ দিকে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও সাহায্য গ্রহণকারী দেশটি সফর করবেন বলে আশা করা হচ্ছে। ক্যাসি বলেন, ১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতাদখলকারী জেনারেল পারভেজ মুশাররফের সঙ্গে নিগ্রোপন্টে সাক্ষাৎ করবেন কিনা তা তিনি জানেন না। গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর মুশাররফ দেশটির সংবিধান স্থগিত, অধিকাংশ বিচারপতিকে বরখাস্ত, শ'শ' আইনজীবী এবং হাজার হাজার সরকারবিরোধী নেতা-কর্মীকে আটক করেছেন। ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে মুশাররফ এসব পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে পাকিস্তানের প্রধান বিরোধীদল পিপিপি'র সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে সাত দিনের মেয়াদে গৃহবন্দী করা হয়েছে। জরুরি অবস্থার বিরুদ্ধে বেনজির যাতে মঙ্গলবারের পরিকল্পিত লং মার্চে (লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে) অংশ নিতে না পারেন সে লক্ষ্যে এ পদক্ষেপ নেয় পাকিস্তানের কর্মকর্তারা। গৃহবন্দী অবস্থায় মঙ্গলবার বেনজির মুশাররফকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের আহ্বান জানান। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র আশা করে আসছিল মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে সম্মত হবেন বেনজির। কেননা, মুশাররফের সঙ্গে দীর্ঘ দিন ধরে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিলেন বেনজির। এসব আলোচনায় মুশাররফকে সেনাপ্রধানের পদ ছেড়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য মুশাররফকে আহ্বান জানিয়ে আসছিলেন বেনজির। কিন্তু মঙ্গলবারই প্রথম বেনজির তাকে প্রেসিডেন্ট পদও ছেড়ে দেওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২১১ ঘ.