২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন রোধের দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

বিশ্ব উষ্ণায়ন রোধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়ে রোববার অস্ট্রেলিয়ার হাজার হাজার লোক বিক্ষোভ-সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মেলবোর্ন, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব উষ্ণায়ন রোধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়ে রোববার অস্ট্রেলিয়ার হাজার হাজার লোক বিক্ষোভ-সমাবেশ করেছে। 'দ্য ওয়াক এগেইন্সট ওয়ার্মিং' নামের এ বিক্ষোভ-সমাবেশ অস্ট্রেলিয়ার প্রধান প্রধান নগরী এবং প্রায় অর্ধশত কাউন্টি শহরে অনুষ্ঠিত হয়। আগামী ২৪ নভেম্বরের সাধারণ নির্বাচনের প্রাক্কালে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মনোযোগ আকর্ষণের লক্ষ্যে অস্ট্রেলিয়া জুড়ে আয়োজন করা হয় এ বিক্ষোভ-সমাবেশের। 'নেচার কনজারভেটিভ কাউন্সিল' এর নির্বাহী পরিচালক কেট ফায়েরম্যান জানিয়েছেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ-সামবেশে প্রায় দেড় লাখ লোক অংশ নিয়েছে। মেলবোর্নে তিনি সাংবাদিকদের বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে রাজনৈতিক দলগুলো যাতে কঠোর প্রতিশ্র"তি দেয় সে লক্ষ্যে বিক্ষোভকারীরা এ বিক্ষোভ প্রদর্শন করেছে। তিনি বলেন, ২০২০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নির্গমন ৩০ শতাংশ কমিয়ে আনার জন্য একটি স্বল্প-মেয়াদী লক্ষ্যমাত্রা প্রয়োজন। পুলিশের ধারণা, মেলবোর্নের সমাবেশে ২০-৩০ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছিল। সিডনির আয়োজকরা জানিয়েছেন, বিক্ষোভ-সমাবেশে ২৮ হাজারের বেশি লোক অংশ নিয়েছে। ওদিকে, সিডনির সমাবেশের লোক সমাগমের সংখ্যা সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সিডনি পুলিশের এক মুখপাত্র। প্রসঙ্গত, গ্রিনহাউস গ্যাস বেশি মাত্রায় নির্গমণকারী দেশগুলোর অন্যতম হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল মেনে চলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। প্রটোকলটিতে উন্নত দেশগুলোর ওপর নির্দিষ্ট মাত্রার কার্বন দূষণ রোধে বাধ্য-বাধকতা রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলে আসছেন, যে কোনো ধরনের বৈশ্বিক চুক্তিতে অবশ্যই চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশকে অন্তর্ভূক্ত রাখতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৪ ঘ.