ইসলামাবাদ, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বুধবার বলেছেন, তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করার এবং নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। আল কায়েদা ও তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে বুশের যুদ্ধের ঘনিষ্ঠ মিত্র মুশাররফের সঙ্গে টেলিফোনে এক "খোলামেলা আলোচনায়" তিনি এ আহ্বান জানান।
শনিবার পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর মুশাররফের সঙ্গে বুশের প্রথমবারের মতো সরাসরি আলোচনা ছিল এটি।
এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, "আমার বার্তা হচ্ছে, আমরা দৃঢ়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং আপনার উচিত হবে শিগগির নির্বাচন করা এবং আপনার উর্দি ছেড়ে দেওয়া। আপনি একই সময়ে প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান থাকতে পারেন না।"
বুশ বলেন, "তার সঙ্গে আমার খুব খোলামেলা আলোচনা হয়েছে।"
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বুধবার জেনারেল মুশাররফকে হুমকি দিয়ে বলেছেন, তিনি অবিলম্বে সেনাপ্রধানের পদ না ছাড়লে, নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান পুনঃপ্রতিষ্ঠা না করলে আগামী ১৩ নভেম্বর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করবেন তিনি। বেনজিরের এ ঘোষণার প্রেক্ষাপটে পাকিস্তানের চলমান সংকট নিয়ে সরাসরি কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বুশ।
জরুরি অবস্থা তুলে নিতে মুশাররফকে বাধ্য করার কৌশল নিয়ে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর বেনজির লং মার্চে নামার ওই হুমকি দেন। গত ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি করেন।
এক সংবাদ সম্মেলনে বেনজির বলেন, "৯ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে আমরা ১৩ নভেম্বর লাহোর থেকে 'লং মার্চ' শুরু করব এবং ইসলামাবাদে অবস্থান ধর্মঘট করব।"
যুক্তরাষ্ট্র আশা করেছিল, জানুয়ারি মাসের নির্ধারিত নির্বাচনের পর বেনজির মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করবেন। কিন্তু মুশাররফের জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে সে সম্ভাবনায় এখন সংশয় দেখা দিয়েছে।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া মুশাররফের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) নেতারা জানিয়েছেন, ২-৩ সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা শেষ হয়ে যেতে পারে।
কিন্তু ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দলখকারী জেনারেল মুশাররফ নির্বাচন বা জরুরি অবস্থা প্রত্যাহারের সময়সীমা নিয়ে জরুরি অবস্থা জারির পর কোনো কথা বলেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০০ ঘ.
bdnews24