খার্তুম, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চাদের ১০৩ জন শিশুকে ইউরোপে পাচার প্রচেষ্টার বহুল সমালোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সুদানে জাতিসংঘের শীর্ষ মানবিক সাহায্য কর্মকর্তা আমিরা হক। ওই শিশুদের ইউরোপে নিয়ে যাওয়ার চেষ্টাকারী ফরাসি দাতব্য সংস্থা এবং জড়িত অন্যান্যদের সমালোচনা করে তিনি বলেন, এ ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফরাসি দাতব্য সংস্থা 'জো'স আর্ক ' এবং বেশ কয়েকজন ফরাসি সাংবাদিক ও স্প্যানিশ বিমানবালা ওই ঘটনার সঙ্গে জড়িত।
ফরাসি দাতব্য সংস্থা জো'স আর্ক এর ব্যবস্থাপনায় ওই শিশুদের ইউরোপে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছিল। সংস্থাটির দাবি দত্তক নিতে আগ্রহী ইউরোপীয় দম্পতিদের কাছে চাঁদ সীমান্তবর্তী সুদানের সংঘাতময় দারফুর অঞ্চলের ওই শিশুদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন তারা। কিন্তু জাতিসংঘ এবং চাদের কর্মকর্তারা বলছেন, এসব শিশুর অধিকাংশই চাদ সীমান্তের এপারের বাসিন্দা ছিল। তাছাড়া সবাই ওই অর্থে এতিম নয় কিংবা এদের অনেকেরই পরিবারের অন্তত একজন অভিভাবক জীবিত রয়েছেন।
সুদানের রাজধানী খার্তুমে সোমবার বিকালে এক লিখিত বক্তব্যে জাতিসংঘ কর্মকর্তা আমিরা হক বলেন, "ওই সংগঠনের চাদ থেকে শিশুদের নিয়ে যাওয়ার চেষ্টার তীব্র নিন্দা জানাই আমি।"
তিনি বলেন, " এ ধরনের কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশু স্থানান্তর সম্পর্কিত আন্তর্জাতিক রীতি-নীতি ও জাতিসংঘের অবস্থানের পরিপন্থী।"
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জন ইউরোপীয় নাগরিককে আটক করে চাদ। কিন্তু রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সফরের পর তিন ফরাসি সাংবাদিক ও চার স্প্যানিশ বিমানবালাকে মুক্তি দেওয়া হয়।
এদিকে ফরাসি দাতব্য সংস্থা জো'স আর্ক এর এ ঘটনায় জড়িত থাকার কারণে দারফুর অঞ্চলে কর্মরত বিভিন্ন পশ্চিমা সাহায্য ও উন্নয়ন সংস্থার কর্মকাণ্ড নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কিন্তু ওই অঞ্চলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সাহায্য কার্যক্রম চলছে। দারফুর সংকটের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ লাখ মানুষ এসব কার্যক্রমের আওতায় সাহায্য-সহযোগিতা পাচ্ছেন।
এ প্রসঙ্গে জাতিসংঘ কর্মকর্তা আমিরা হক বলেন, "আমাদের অবশ্যই সরকারের অংশীদারিত্বে শিশুদের প্রতিরক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। আর একটি প্রতিষ্ঠানের কারণে এসব জরুরি কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24