২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আইনজীবীদের ওপর পুলিশের লাঠি, টিয়ারগ্যাস

পাকিস্তানে সোমবার দেশব্যাপী ধর্মঘট পালনকালে বিক্ষুব্ধ আইনজীবীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে ও টিয়ারগ্যাস ছুঁড়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অনেককে গ্রেপ্তারও করা হয়। পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করা এবং প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এ দেশব্যাপী ধর্মঘট পালন করছে আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 05:08 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

করাচি, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে সোমবার দেশব্যাপী ধর্মঘট পালনকালে বিক্ষুব্ধ আইনজীবীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে ও টিয়ারগ্যাস ছুঁড়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অনেককে গ্রেপ্তারও করা হয়। পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করা এবং প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এ দেশব্যাপী ধর্মঘট পালন করছে আইনজীবীরা। ধর্মঘটী আইনজীবীরা জানিয়েছেন, "সকালে বাণিজ্যিক নগরী করাচিতে বিক্ষোভরত আইনজীবীদের লাঠিচার্জ করেছে।" পরে টিয়ারগ্যাস ছুঁড়ে বিক্ষোভ দমনের চেষ্টা চালায় পুলিশ। সিন্ধু প্রদেশ হাই কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতার হোসেইন বলেন, "সকালে হাইকোর্টে আসার পরপরই পুলিশ আইনজীবীদের লাঠিচার্জ করে। তাদের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।" করাচির আইনজীবী আব্দুল হাফিজ রয়টার্সকে বলেন, "আমরা গ্রেপ্তার অভিযানকে ভয় পাই না। যত যাই ঘটুক আমরা লড়াই চালিয়ে যাব। " পাকিস্তানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় প্রদেশে কর্তৃপক্ষ বিরোধীদল জামাত ই ইসলামির ৬০০ থেকে ৭০০ মুসলিম সমর্থককে গ্রেপ্তার করেছে- ইসলামিক দলটির এ দাবির পরপরই ব্যাপক আইনজীবী ধরপাকড়ের ঘটনা ঘটে। জরুরি অবস্থা জারির পর সরকার ইতোমধ্যেই ৪০০ থেকে ৫০০ জন বিরোধীদলীয় রাজনীতিক ও আইনজীবীকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত মার্চ মাসে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পর দেশটিতে আইনজীবীদের ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। প্রধান বিচারপতিকে বরখাস্তের ওই পদক্ষেপ তখন পাকিস্তানের বিচারবিভাগের স্বাধীনতার ওপর একটি আঘাত হিসাবে বিবেচিত হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১০৫৫ ঘ.