বেইজিং, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিমা দেশগুলোয় দালাই লামার দফায় দফায় উচ্চ-পর্যায়ের সফর চীনশাসিত তিব্বতের মর্যাদায় কোনো প্রভাব ফেলবে না। বরং এর ফলে শুধুমাত্র ওইসব দেশের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে অবনতি ঘটবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন।
তিব্বতীয় বৌদ্ধদের কাছে আধ্যাত্মিক নেতা হিসাবে বিবেচিত দালাই লামা গত মাসে কানাডা ও যুক্তরাষ্ট্র সফর করেছেন। সে সময় তিনি দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে এ বছরের প্রথম দিকে তিনি সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলরের সঙ্গে।
বৃহস্পতিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী লিউ জেইনচাও বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, "চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দুরভিসন্ধি হিসাবে কিছু দেশ ও মানুষ দালাই লামাকে সমর্থন করছে। আমি মনে করি তাদের প্রচেষ্টায় কোনো কিছুরই পরিবর্তন হবে না। এর মাধমে চীনের স্বার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ইস্যুতে তিব্বতের অধিবাসীসহ চীনের জনমনে কোনো পরিবর্তন আসবে না।"
১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থান করার পর থেকে নির্বাসনে আছেন দালাই লামা। চীন তাকে একজন বিশ্বাসঘাতক এবং রাজনৈতিকভাবে নির্বাসিত ব্যক্তি বলে মনে করে।
সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা হিসাবে আগামী ডিসেম্বরে ভ্যাটিকানে পোপ বেনেডিক্টের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে দালাই লামার। কিন্তু ভ্যাটিকানে তার এ ধরনের সফর চীন ও ভ্যাটিকানের মধ্যকার সম্পর্কে আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা, ১৯৪৯ সালে কমিউনিস্টরা চীনের ক্ষমতায় আসার পর থেকে ভ্যাটিকানের সঙ্গে দেশটির আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই।
লিউ বলেন, "আমরা আশা করছি চীনা জনগণের অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কিছু করবে না ভ্যাটিকান। বরং তারা এমন পদক্ষেপ নেবে যাতে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের আন্তরিকতা প্রকাশ পায়।"
গত বছরও দালাই লামা পোপ বেনেডিক্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে প্রয়াত পোপ জন পলের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে দালাই লামার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫২ ঘ.
bdnews24