তুনসেলি, তুরস্ক, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কুর্দি গেরিলাদের পেতে রাখা একটি ভূমি মাইনের বিস্ফোরণে সোমবার এক তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের নিরাপত্তারক্ষীরা একথা জানিয়েছেন।
তারা জানান, পূর্ব তুরস্কের তুনসেলি প্রদেশে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে এক সমারিক অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। অভিযানে প্রায় আট হাজার তুর্কি সেনা অংশ নিয়েছে।
এর আগে গত রোববার তুর্কি সেনা সূত্রগুলো জানায়, পার্বত্য এলাকায় পিকেকের ২০ গেরিলাকে হত্যা করেছে সেনাবাহিনী।
উত্তর ইরাকের পিকেকে ঘাঁটিতে হামলা চালানোর লক্ষ্যে ইরাক সীমান্তবর্তী এ এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে তুরস্ক।
সীমান্ত পেরিয়ে বড় ধরনের সামরিক অভিযান না চালানোর জন্য আঙ্কারাকে আহ্বান জানিয়েছে তুরস্কের ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র এবং বাগদাদ সরকার। যদিও পিকেকে গেরিলাদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রচণ্ড চাপের মধ্যে আছে প্রধানমন্ত্রী তায়েত এরদোয়ানের সরকার।
প্রসঙ্গত, পিকেকে গেরিলাদের হামলায় শুধুমাত্র গত মাসেই মারা গেছে ৪০ তুর্কি সেনা।
এদিকে, মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত আধুনিক তুরস্কের ৮৪-তম বার্ষিকী আজ সোমাবার। এ উপলক্ষে এবং বিচ্ছিন্নতাবাদী হামলার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলোর নেতৃত্বে তুর্কিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা আরও উজ্জীবিত হতে দেখা গেছে।
সাড়ে সাত কোটি লোকের বসতি এ মুসলিম দেশটির নগর, শহর ও গ্রাম সর্বত্রই সোমবার জাতীয় পতাকা ও আতাতুর্কের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্র করতে দেখা গেছে লাখ লাখ তুর্কিকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৪২৮ ঘ.
bdnews24