২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকাবিলায় বিদেশিদের ছবি ও আঙ্গুলের ছাপ নেবে জাপান

সন্ত্রাসবাদ মোকাবিলায় জাপানে প্রবেশকারী সব বিদেশি নাগরিকদের আঙ্গুলের ছাপ নেবে এবং ছবি তুলবে জাপান সরকার। সন্দেহভাজন কোনো সন্ত্রাসবাদী বা এ কাজে অস্বীকৃতি জানানো কিংবা সহযোগিতা না করতে চাওয়া যে কোনো বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা, তাকে জাপানে ঢুকতে না দেওয়া এবং ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। আগামী মাস থেকে এ নীতিমালা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে জাপান। কিন্তু অভিবাসী এবং মানবাধিকার কর্মীরা এর তীব্র বিরোধিতা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

টোকিও, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসবাদ মোকাবিলায় জাপানে প্রবেশকারী সব বিদেশি নাগরিকদের আঙ্গুলের ছাপ নেবে এবং ছবি তুলবে জাপান সরকার। সন্দেহভাজন কোনো সন্ত্রাসবাদী বা এ কাজে অস্বীকৃতি জানানো কিংবা সহযোগিতা না করতে চাওয়া যে কোনো বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা, তাকে জাপানে ঢুকতে না দেওয়া এবং ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। আগামী মাস থেকে এ নীতিমালা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে জাপান। কিন্তু অভিবাসী এবং মানবাধিকার কর্মীরা এর তীব্র বিরোধিতা করেছেন। জাপানের অভিবাসন বিভাগের কর্মকর্তা নাওতো নিকাই বলেছেন, "এ পদক্ষেপ আমাদের মাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে দারুণভাবে সহায়তা করবে।" আগামী ২০ নভেম্বর থেকে এ প্রক্রিয়া চালু হবে বলেও জানান তিনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে চালু হওয়া ব্যবস্থার কাছাকাছি জাপানের এ ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্রে অভিবাসী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না হলেও জাপানে সাধারণ পর্যটকদের মতো অভিবসিদেরও প্রতিবার জাপানে প্রবেশের সময় এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিবাসন কর্তৃপক্ষের তোলা এসব ছবি ও আঙ্গুলের ছাপ পুলিশ ও গোয়েন্দা বিভাগকে দেওয়া হবে এবং প্রয়োজনে বিদেশী অভিবাসন র্র্কতৃপক্ষ ও সরকারগুলোকেও দেওয়া হতে পারে। তবে কূটনীতিবিদ এবং ১৬ বছরের কম বয়সীদের এ আইনের আওতামুক্ত রাখা হয়েছে। এছাড়া, কোরিয়া ও চীনা বংশোদ্ভুত 'বিশেষ স্থায়ী বাসিন্দা'দেরও এ আইনের আওতামুক্ত রাখা হয়েছে। এসব চীনা ও কোরীয়দের অধিকাংশকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিংবা সেসময়ে 'শ্রমবন্দি' হিসেবে জাপানে আনা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ আইন চালু বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির জাপান দপ্তরের কর্মকর্তা সোনোকো কাওয়াকামি বলেছেন, "শুধুমাত্র বিদেশিদের এ আইনের আওতায় আনাটা বৈষম্যমূলক। এভাবে তারা বিদেশিদেরকে সন্ত্রাসবাদীর সমার্থকে পরিণত করছেন। এটি এমন এক নীতি যা 'বিদেশি-ভীতি' সৃষ্টি করতে পারে।" গত ২৪ বছর ধরে জাপানে বসবাসকারী এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ নাগরিকত্বধারী ব্যবসায়ী টেরি লয়েড এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "এতে এমনকি ৩০/৪০ বছর ধরে এখানে বসবাসকারী মানুষদেরও সত্যিকার অর্থে মানুষ বলেই গণ্য করা হচ্ছে না।" তিনি বলেন, " জাপানে এখন পর্যন্ত বিদেশি সন্ত্রাসবাদের একটি ঘটনাও নেই যদিও প্রচুর জাপানি সন্ত্রাসবাদীর ঘটনা আমরা জানি।" প্রায় ২০ লাখ বিদেশি নাগরিক জাপানে অভিবাসী মর্যাদা নিয়ে বসবাস করছেন। এদের প্রায় ৪০ ভাগকেই স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.