হাবুর, তুর্কি অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে তুরস্ক। উত্তর ইরাকে কুর্দি গেরিলাদের ওপর বড় ধরনের সামরিক অভিযান এড়াতে আঙ্কারায় কূটনৈতিক প্রচেষ্টা শুরুর মাঝেই শুক্রবার তুর্কি হেলিকপ্টারে করে সীমান্তে পৌঁছেছে আরও বেশি সেনা।
রাষ্ট্র পরিচালিত আনাতোলি সংবাদ সংস্থা বলেছে, কোবরা হেলিকপ্টার এবং জঙ্গি বিমান ইরাকের অভ্যন্তরে ঢুকে কুর্দি গেরিলাদের ওপর বোমা বর্ষণ করেছে।
নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাার্স পার্টির (পিকেকে) প্রায় ৩ হাজার গেরিলা দমন করতে সীমান্তপারের অভিযান চালানোর প্রস্ততিস্বরূপ তুরস্ক ইতোমধ্যেই সীমান্তের পার্বত্যাঞ্চলে ১ লাখ সেনা মোতয়েন করেছে। তুরস্কের অভিযোগ, পিকেকে গেরিলারা উত্তর ইরাক থেকে তুরস্কে হামলা চালাচ্ছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক তুরস্কের সেনাবাহিনীর এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, "আমরা অন্যান্য প্রদেশ থেকে সেনা সরিয়ে সিরনাক প্রদেশে মোতায়েন করছি। ইরাক সীমান্তবর্তী হাক্কারি এবং সিরনাক প্রদেশেই মূলত সেনাসংখ্যা বাড়িয়েছে তুরস্কের সেনাবাহিনী।"
ইরাকে পুরোদস্কুর হামলা ঠেকাতে ইরাকি, তুর্কি এবং মার্কিন কর্মকর্তাদের জোর প্রচেষ্টার মাঝেও তুরস্ক সীমান্তে সেনা বাড়িয়ে চলেছে। তুরস্কের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনই বলেছেন, তাদের দেশ ইরাক থেকে পিকেকে গেরিলাদের হামলা সহ্য করবে না।
আনাতোলি সংবাদ সংস্থা বলেছে, হেলিকপ্টারে করে সেনাসহ সামরিক সাজ-সরঞ্জামও সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের হামলা চালানোর এই প্রস্তুতির মাঝেই শুক্রবার আঙ্কারায় শুরু হয়েছে ইরাকি প্রতিনিধিদলের সঙ্গে তুর্কি সেনা ও সরকারি কর্মকর্তাদের বৈঠক।
ইরাকি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ইরাকি প্রতিরক্ষামন্ত্রী জেনালের কাদের জসিম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, " তারা বাস্তবসম্মত কিছু প্রস্তাব নিয়েই বৈঠক করতে এসেছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ঘ.
bdnews24