ইয়াঙ্গুন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক জান্তার এক প্রতিনিধির সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেছেন বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানায়।
টেলিভিশনের খবরে বলা হয়, আলোচনার জন্য সুচিকে তার বাড়ি থেকে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় নিয়ে যাওয়া হয়। সেখানে সরকারি কর্মকর্তা অং চি'র সঙ্গে সু চির এক ঘণ্টা ১৫ মিনিট আলোচনা হয়। তবে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পরে নিরাপত্তা কর্মকর্তারা জানায়, আলোচনা শেষে সু চি বাড়ি ফিরে গেছেন। গত ১৮ বছরের মধ্যে ১১ বছর এই বাড়িতেই গৃহবন্দি আছেন সু চি।
এদিকে সু চির রাজনৈতিক দল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি' (এনএলডি) জানায়, সরকারি অতিথিশালায় সু চির সঙ্গে সরকারি প্রতিনিধির কি আলোচনা হয়েছে তা তারা জানে না। জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি এই অতিথিশালাতেই সু চির সঙ্গে দেখা করেছিলেন।
গত মাসে মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলন শুরু করে সেদেশের বৌদ্ধ ভিক্ষুরা। গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সেই বিক্ষোভ দমনে সরকার আন্দোলনকারীদের ব্যাপক নির্যাতন চালায়। পরে এই নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে গাম্বারি মিয়ানমার সফর করেন। সে সময় তিনি জান্তা সরকারকে সু চির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
১৯৯০ সালে মিয়ানমারের সাধারণ নির্বাচনে এনএলডি বড় ব্যবধানে জিতলেও সেনা সরকার তা অস্বীকার করে ক্ষমতা হস্তান্তর থেকে বিরত থাকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জেকে/২১০৫ ঘ.
bdnews24