মেক্সিকো, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোর সমুদ্রউপকূলে তীব্র ঝড়ে বুধবার ১৮ জন তেলকর্মী নিহত হয়েছে। নৌবাহিনীর উদ্ধারকারী দল নিখোঁজ হয়ে যাওয়া আরও ৭ জনকে খুঁজছে।
মঙ্গলবারে আঘাত হানা এই ঝড়ে উপকূলে আছড়ে পড়ে সমুদ্রের বিশাল ঢেউ। এর ধাক্কায় তেলবন্দরের অশোধিত তেল এবং প্রকৃতিক গ্যাস সরবরাহ লাইন ফুটো হয়ে গেছে। তবে ৬১ জন লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্স।
ফুটো হয়ে যাওয়া লাইন সারাতে কমপক্ষে ৫ দিন লেগে যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেমেক্স। পেমেক্সের ইতিহাসে এত ভয়াবহ দুর্ঘটনা এর আগে কখনও ঘটেনি। কোম্পানির তেল অনুসন্ধান ও উৎপাদন বিষয়ক প্রধান কার্লোস মোরেলস একথা বলেছেন।
খারাপ আবহওয়ার কারণে মেক্সিকোর ৩ টি শীর্ষ তেল রপ্তানী বন্দর বুধবার বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় উদ্ধার কাজ। ফলে ঝড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের কারণে হেলিকপ্টার এবং নৌকা নিয়ে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৮ঘ.
bdnews24