২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ-দক্ষতা সম্পন্ন অভিবাসীদের 'ব্লু কার্ড' দেবে ইইউ

আর্থিক ও আবাসন সুবিধা এবং স্বল্পতম সময়ে 'ওয়ার্ক পারমিট' দেওয়ার বিধানসহ 'ব্লু কার্ড' দিয়ে উচ্চ-দক্ষতা সম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের 'গ্রিন কার্ড' ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা দেশের দক্ষ জনশক্তি আকৃষ্ট করার বিভিন্ন প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করতে মঙ্গলবার এ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ব্রাসেলস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্থিক ও আবাসন সুবিধা এবং স্বল্পতম সময়ে 'ওয়ার্ক পারমিট' দেওয়ার বিধানসহ 'ব্লু কার্ড' দিয়ে উচ্চ-দক্ষতা সম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের 'গ্রিন কার্ড' ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা দেশের দক্ষ জনশক্তি আকৃষ্ট করার বিভিন্ন প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করতে মঙ্গলবার এ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। 'ব্লু কার্ড' প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ থেকে ওই কার্ড পেলে ইইউ'র অন্য দেশে গিয়ে কাজ করা সহজ হবে কার্ডধারীদের জন্য। এছাড়া ব্লু কার্ডধারী অভিবাসীরা তাদের পরিবারের সদস্যদের ওই দেশে নিয়ে যেতে পারবেন। ব্লু কার্ডধারীদের দীর্ঘমেয়াদী আবাসিক মর্যাদা দেওয়া হবে এবং সরকারের আবাসন প্রকল্পে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচনা করা হবে। প্রস্তাবিত এ 'ব্লু কার্ড' পদ্ধতিতে কোনো ব্যক্তির কোনো একটি ইইউভুক্ত দেশে কমপক্ষে এক বছরের চাকরির চুক্তি থাকলে এবং তার বেতন সংশ্লিষ্ট দেশের সর্বনিম্ন মজুরির কমপক্ষে তিনগুণ হলে এবং তার স্বাস্থ্যবীমা করা থাকলে তিনি ব্লু কার্ড প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এ পদ্ধতিতে 'ওয়ার্ক পারমিট' পাওয়ার জন্য একটি দ্রুত গতি সম্পন্ন বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হবে প্রার্থীদের। তবে ৩০ বছরের কমবয়সীদের জন্য বেতনের বিধান শিথিল করা হবে এবং সর্বনিম্ন মজুরীর দুইগুণ বেতন পেলেই তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো ইইউভুক্ত দেশের ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রী থাকলে বেতনের বিষয়টি বাদ দিয়েই তাকে কার্ড দেওয়ার কথা বিবেচনা করতে পারে সংশ্লিষ্ট দেশ। এ পদ্ধতিতে কোনো ব্লু কার্ডধারী ব্যক্তি তার পরিবারকে তার কাছে ওই দেশে নিয়ে আসতে চাইলে সরকারের কাছে লিখিত আবেদনের সর্বোচ্চ ছয়মাসের মধ্যে তাকে ওই অনুমতি দিতে সংশ্লিষ্ট দেশের সরকার বাধ্য থাকবে। এ ক্ষেত্রে ওই দেশে স্থায়ী বাসিন্দা হওয়ার মতো যোগ্যতা কিংবা সম্ভাবনা তার আছে কিনা তা প্রমাণের প্রয়োজন হবে না বলে বলা হয়েছে খসড়ায়। ব্লু কার্ডধারীরা এক ইইউ দেশ থেকে অন্য ইইউভুক্ত দেশে গেলেও ইইউ নাগরিকদের মতো তাদেরও একইরকম ট্যাক্স সুবিধা, সামাজিক নিরাপত্তা এবং পেনশন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। ব্লু কার্ডধারীদের সরকারি আবাসন সুবিধা এবং শিক্ষা অনুদান দেওয়ারও প্রস্তাব করা হয়েছে এ পরিকল্পনায়। তবে এক্ষেত্রে কোনো একটি দেশে ওই কার্ডধারী কমপক্ষে তিন বছর ধরে বসবাস করার পরই এসবের জন্য আবেদন করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের সবার অনুমোদনের পর প্রস্তাবটি আইন হিসেব গৃহীত হলে এই ব্লু কার্ড প্রকল্প বাস্তবায়নের সুযোগ আসবে। তবে জার্মানিসহ কয়েকটি দেশ এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮১০ ঘ.