আঙ্কারা, অক্টোবর, ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আর্মেনিয়ার সঙ্গে আলোচনা এবং সংহতি স্থাপনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। অটমোন তুর্কিদের হাতে ১৯১৫ সালের আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসাবে গণ্য করে মার্কিন কংগ্রেসে প্রস্তাবনা পাসের উদ্যোগের মাঝে শুক্রবার এরদোয়ান ওই আহ্বান জানালেন।
শুক্রবারের ওয়াল স্ট্রীট জার্নালের ইউরোপীয় সংখ্যার মতামত বিভাগে এরদোয়ান লেখেন, "ওই কন্টকাকীর্ণ ইস্যুটি তুলে ধরেও কিভাবে আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কন্নোয়ন করা যায় সে উপায় আমরা খুঁজছি। তাই এ সময়টিতে আমরা অতীত নিয়ে পড়ে থাকতে পারি না। আমরা তাদেরকে আলোচনায় বসার এবং সংহতি স্থাপনের আন্তরিক প্রস্তাব দিচিছ।" তিনি আরও বলেন " এখন পরবর্তী পদক্ষেপ নেওয়াটা যুক্তরাষ্ট্রের দায়িত্ব।"
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট এবং আর্মেনীয়-আমেরিকানদের আনা আর্মেনীয় 'গণহত্যা' বিল সমর্থন করেছে। এখন এই প্রস্তাবনার ওপর প্রতিনিধি পরিষদে ভোট হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পালা।
তুরস্ক ইতোমধ্যেই তাদের মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি নিয়ে কথা বলেছে এবং প্রতিক্রিয়া জানিয়েছে। সতর্ক করে দিয়ে তুরস্ক বলেছে, আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসাবে গণ্য করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ন্যাটো মিত্র দেশটির সম্পর্ক খারাপ হবে।
বুশ প্রশাসন অবশ্য ওই প্রস্তাবনার বিরুদ্ধে লবি করে যাচ্ছে। এদিকে, তুরস্ক অটমোন তুর্কিদের হাতে ১৫ লাখ আর্মেনীয় হত্যার কথা অস্বীকার করেছে। তুরস্ক বলেছে, অটমোন সাম্রাজ্য ভেঙে পড়ার সময় আন্ত-জাতিগত সংঘর্ষে মুসলিম তুর্কিদের সঙ্গে বহু খ্রিস্টান আর্মেনীয় নিহত হয়েছে।
এরদোয়ান লিখেছেন, "সত্য কথা হচ্ছে এই যে, ১৯১৫ সালে আর্মেনীয় গণহত্যার অভিযোগের ঐতিহাসিক কিংবা আইনগত কোনো ভিত্তি নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ঘ.
bdnews24