২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির সঙ্গে জান্তার আলোচনায় মধ্যস্থতাকারীর নাম ঘোষণা

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সু চির সঙ্গে সরকারের মধ্যস্থতাকারী হিসেবে উপ-শ্রমমন্ত্রী অং চি'র নাম ঘোষণা করেছে সামরিক জান্তা। সোমবার রাতে সরকারি টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে সু চির দল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি'। পদমর্যাদায় কেবল উপমন্ত্রী হলেও কঠিন পরিস্থতি সামাল দিতে জান্তা সরকারের নির্ভরযোগ্য হাত হিসেবে পরিচিত অং চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সু চির সঙ্গে সরকারের মধ্যস্থতাকারী হিসেবে উপ-শ্রমমন্ত্রী অং চি'র নাম ঘোষণা করেছে সামরিক জান্তা। সোমবার রাতে সরকারি টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে সু চির দল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি'। পদমর্যাদায় কেবল উপমন্ত্রী হলেও কঠিন পরিস্থতি সামাল দিতে জান্তা সরকারের নির্ভরযোগ্য হাত হিসেবে পরিচিত অং চি। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র নায়ান উইন বলেন, "এটা খুবই ভাল লক্ষণ। এরকমটাই হওয়া উচিৎ।" উইন বলেন, "এতে মনে হচ্ছে যে তারা কিছুটা হলেও বাস্তবতা বুঝতে পারছেন।" অং চি-কে মধ্যস্থতাকারী নিয়োগ করাকে স্বাগত জানিয়েছেন আরও অনেকেই। ইয়াঙ্গুন ভিত্তিক সাবেক আন্তর্জাতিক কর্মকতা 'আইএলও' এর এক উর্ধ্বতন নির্বাহী বলেছেন, "তিনি খুবই কাজের মানুষ। তিনি প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন। এর আগেও বিভিন্ন কঠিন পরিস্থিতি মোকাবেলায় তাকে কাজে লাগানো হয়েছে।" ওই কর্মকর্তা আরও বলেন, " তিনি শুধু ঢিল ছোঁড়ার লোক নন। নির্দিষ্ট সমস্যা মোকাবেলা করতেই তাকে দরকার পড়ে। আপিন যদি সত্যিকারের আলোচনা চান তাহলে অং চি খুবই ভাল পছন্দ।" গত মাসের গণবিক্ষোভে দমন-পীড়নের পর আন্তর্জাতিক চাপের মুখে সু চির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখায় জান্তা সরকার। কিন্তু জান্তা প্রধান জেনারেল থান শ বলেন, সু চি সরকারের সঙ্গে 'বিরোধিতা' এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ে 'সমর্থন' না করলেই কেবল আলোচনায় বসতে পারেন তিনি। এ শর্ত দিয়ে আলোচনার প্রস্তাবকে অবান্তর বলে তা প্রত্যাখ্যান করেন সু চি। এখন একজন মধ্যস্থতাকারীর নাম ঘোষণা করে আলোচনার প্রক্রিয়া শুর করায় বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সমালোচকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০৫ ঘ.