থান হোয়া, ভিয়েতনাম, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভিয়েতনামে একটি টাইফুন এবং তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৭ জনের প্রাণহানি হয়েছে। কয়েক দশকের মধ্যকার ভয়াবহ এ বন্যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার। এছাড়া সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে বেশ কিছু এলাকার। ভিয়েতনামের কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
সরকারি ঝড় মোকাবিলা কমিটি জানিয়েছে, টাইফুন লেকিমার আঘাতে বুধবার রাতে কয়েকটি প্রদেশের কমপক্ষে ১৯ জন লোক নিখোঁজ হয়েছে।
ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-মধ্য ভিয়েতনামের থান হোয়া এবং এনজি এন প্রদেশ। তীব্র বাতাসে উড়ে গেছে এখানকার অনেক ঘরের ছাদ। পানিতে তলিয়ে গেছে প্রদেশ দুটির প্রায় সব গ্রাম।
বন্যার পানিতে থান হোয়া প্রদেশের থাচ থান জেলার বুওই নদীর বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার কমিউনিস্ট পার্টির এক নেতা পান ডাং খোয়া বলেন, "১৯৪৫ সালের পর এটাই সম্ভবত সবচেয়ে ভয়াবহ বন্যা।
খোয়া বলেন, বুওই নদীর পানি বিপদসীমার প্রায় আড়াই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
থাচ থান জেলা থেকে রয়টার্সের ক্যামেরাম্যান ও আলোকচিত্রীরা জানিয়েছেন, অধিকাংশ বাড়িই ঘোলা পানিতে তলিয়ে আছে। অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন।
বন্যায় আটকে পড়াদের হেলিকপ্টারে করে ইনস্ট্যান্ট নুডুলস এর মাতো খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া, আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বুক-পানিতে নেমে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
প্রসঙ্গত, সাড়ে আট লাখ অধিবাসীর বসতি দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে প্রতি বছরই প্রায় ১০টির মতো ঘূর্ণিঝড় আঘাত হানে। ফলে প্রতি বছরই ব্যাপক সম্পদহানির পাশাপাশি বহু লোকের প্রাণহানি হয় দরিদ্র এ দেশটির।
টাইফুন লেকিমা ছিল ভিয়েতনমামে ২০০৭ সালে আঘাত হানা পঞ্চম ঘূর্ণিঝড়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট বন্যা ও ভূমিধস ঘূর্ণিঝড়ের চেয়েও আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ঝড় ও বন্যায় ভিয়েতনামের মধ্য প্রদেশগুলোর এক লাখের বেশি বাড়ি ধ্বংস এবং ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
'দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস ইন হ্যানয়' জানিয়েছে, টাইফুনের আগে গত সপ্তায় যাদের সরিয়ে আনা হয়েছিল তারা তাদের বাড়িতে ফিরেও গিয়েছিল। কিন্তু তাদেরকে আবারও সরিয়ে আনতে হয়েছে।
ভিয়েতনামে আইএফআরসি'র প্রতিনিধি ইরজা সান্দবার্গ বলেন, "প্রাথমিক অনুমানের চেয়ে পরিস্থিতি আরও ভয়ানক।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৪ ঘ.
bdnews24