কাবুল, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাবুলে শনিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় পাঁচ আফগান নাগরিক এবং এক মার্কিন সেনা নিহত হয়েছেন। তালেবানরা এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। এ নিয়ে গত আট দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে তৃতীয় বারের মতো আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মার্কিন সেনা মুখপাত্র লেফটেন্যান্ট-কমান্ডার ক্লিন্ট লারসন বলেন, "কাবুলে একটি নিয়মিত গাড়িবহর অভিযান আজ এক আত্মঘাতী (গাড়ি-ভিত্তিক অত্যাধুনিক বিস্ফোরক প্রযুক্তির) হামলার শিকার হয়েছে।" তিনি জানান, হামলায় এক মার্কিন সেনা আহত হয়েছিল এবং পরে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে মার্কিন সেনাটহলের দুটি বড় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তার একটিতে পুরোপুরি আগুন লেগে যায় এবং অপরটির অল্প ক্ষতি হয়েছে।
গিয়াসুদ্দিন বারেজ নামের এক প্রত্যক্ষদর্শী ঘটনার পরপর বলেন, "বিদেশি গাড়িগুলো থেকে আমি এখনও আগুন এবং ধোঁয়া উড়তে দেখতে পাচ্ছি। বিস্ফোরণটি আমার থেকে একশ' মিটার দূরে সংঘটিত হয়। দুটি কালো গাড়িতে আগুন ধরে যায়। সেখানে লোকজন ছোটাছুটি এবং কান্নাকাটি করছিল।"
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে আফগানিস্তানের পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে।
এক সংবাদ সম্মেলন মন্ত্রণালয়ের কাউন্টার-টেরোরিজম প্রধান আব্দুলমান্নান ফারাহি বলেন, "এ ধরনের হামলা প্রতিরোধ করা খুবই কঠিন।" তিনি বলেন, আত্মঘাতী বোমা হামলা প্রতিরোধের লক্ষ্যে আফগান পুলিশ এবং বিদেশি সেনারা কাবুলে তল্লাশি জোরদার করছে ও চেকপয়েন্টের সংখ্যা বাড়িয়েছে।
এদিকে, পৃথক ঘটনায় আফগানিস্তানের খোস্ত শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ আফগান পুলিশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন একজন প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা।
উল্লেখ্য, আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে তালেবান সরকার উৎখাত হওয়ার পর গত দুই বছরে সবচেয়ে বেশি সহিংতা হয়েছে। এ সময়ে তালেবানরা বেশি মাত্রায় আত্মঘাতী হামলা চালিয়েছে। ধারণা করা হয়, আফগান সরকার এবং তাদের পশ্চিমা সমর্থকরা সাধারণ আফগানদের নিরাপত্তা দিতে সক্ষম নয়
bdnews24