ইলান্দস্রান্দ মাইন, দক্ষিণ আফ্রিকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিতে বুধবার ভয়াবহ দুর্ঘটনায় আটকে পড়া ৩,২০০ শ্রমিকের মধ্যে এ পর্যন্ত ১,৯৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের মধ্যে নারী শ্রমিক রয়েছে প্রায় ২০০ জন । ব্যাপক উদ্ধারকাজ চালিয়ে বৃহস্পতিবার বিকাল নাগাদ সাড়ে ১৯শ' শ্রমিককে উদ্ধার করা হয়। খনির কর্মকর্তা এবং শ্রমিক ইউনিয়নের নেতারা একথা জানিয়েছেন।
খনির মালিক হারমোনি গোল্ড জানিয়েছে, দুর্ঘটনায় খনির লিফটের বৈদ্যুতির তার ছিঁড়ে গেছে এবং দ্বিতীয় একটি লিফট দিয়ে নির্ঝঞ্ঝাটে উদ্ধার কাজ চলছে। এদিকে, দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের শক্তিশালী ইউনিয়নের অভিযোগ, অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে ।
হারমোনি গোল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রাহাম ব্রিগস রয়টার্সকে বলেছেন, জোহান্সবার্গের দক্ষিণ-পশ্চিমের কার্লিটনভিলের কাছে অবস্থিত দুর্ঘটনা কবলিত ইলান্দস্রান্দ খনিতে আটকে পড়া সকল শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
ব্রিগস বলেন, "এখন পর্যন্ত কেউ মারা যায়নি এবং আহতও হয়নি। উদ্ধার কাজ শেষ হতে ১০ ঘণ্টার মতো সময় লাগতে পারে। ঝুঁকি এড়ানোর জন্য লিফটটি ধীর গতিতে ওঠানামা করছে। সবাইকে বের করে আনা সম্ভব হবে বলে আমি খুবই আশাবাদী।"
এদিকে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ন্যাশনাল ইউনিয়ন অফ মাইনওয়ার্কার্স (নাম) বলছে, তারা সন্দেহ করছে অবহেলার এবং দিনের ২৪ ঘণ্টাই অবিরাম কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
'নাম' প্রেসিডেন্ট সেনজেনি জোকবানা সাংবাদিকদের বলেন, "আমরা সন্দেহ করছি অবহেলার। অবিরাম কাজ চলার কারণে সেখানে ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো সময় থাকে না।"
জোকবানা বলেন, শ্রমিকদের বিকল্প পথে বের হয়ে আসার জন্য জরুরি পথ থাকা প্রয়োজন। তিনি বলেন, "খনির ধরনই একটা সমস্যা। আমরা চাই কোম্পানিগুলো খনি থেকে বেরিয়ে আসার জন্য পার্শ্ববর্তী খনির সঙ্গে সংযোগকারী বিকল্প পথ তৈরি করবে।"
ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার নীচে ১৫ ঘণ্টার বেশি সময় আটকে থাকার পর গ্রিনিচ সময় ২৩৩০ ঘণ্টায় উদ্ধার হয় সাড়ে চারশ' শ্রমিককে। তাদের একজন ২৭ বছর বয়সী জান্দিল সিন্দিবি উদ্ধার লিফট থেকে নামতে নামতে বলেন, "উপরে আসতে পেরে আমার খুব ভাল লাগছে। ভেতরে খুবই গরম এবং ধুলা ছিল। আমার খুব ক্ষুধা লেগেছে।"
গ্রিনিচ সময় ০৫২০ ঘণ্টা নাগাদ সর্বমোট উদ্ধার হয় সাড়ে ১৩শ শ্রমিক। উদ্ধারকৃত শ্রমিকের সংখ্যা আরও বাড়ছে। খনি কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন বৃহস্পতিবার বিকাল নাগাদ আটকে পড়া বাকি শ্রমিকদেরও উদ্ধার করা সম্ভব হবে।
এর আগে 'নাম' এর এক মুখপাত্র বলেন, শ্রমিকরা এমন স্থানে আটকা পড়েছে যেখানকার তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
ব্রিগস জানান, খনির কাজ বন্ধ রয়েছে। তিনি বলেন, ক্ষয়-ক্ষতির মেরামত শেষ হওয়ার এবং তদন্ত শুরু হওয়ার আগ পর্যন্ত খনিটি বন্ধ থাকবে।
ব্রিগস বলেন, একটি এয়ার পাইপ ভেঙ্গে খনিটির প্রধান লিফটের বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দুর্ঘটনার পর আটকেপড়াদের সঙ্গে উদ্ধারকর্মীদের যোগাযোগ ছিল এবং তাদেরকে বিশুদ্ধ বায়ু ও পানি সরবরাহ করা হয়।
ব্রিগস বলেন, "এটা ছিল খুবই ভয়াবহ দুর্ঘটনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।" তিনি আরও বলেন, মূল লিফটের পার্শ্ববর্তী একটি ছোট লিফট দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকার স্বর্ণ খনিগুলোও বিশ্বের মধ্যে সবচেয়ে গভীর। আর এখানকার খনি কোম্পানিগুলো শ্রমিকদের নিরাপত্তার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে শ্রমিক ইউনিয়নগুলোর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৩৩ ঘ.
bdnews24