বেইজিং, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌরসভায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার কমপক্ষে ২৭ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। আগুন লাগার ঘটনাটি নাশকতামূলক বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, ওই বাস কোম্পানিটির একজন বরখাস্ত হওয়া ম্যানেজার প্রতিশোধপরায়ণ হয়ে এ আগুন লাগিয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
সিনহুয়া জানায়, ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি চংকিং পৌরসভা থেকে শহরতলীর দিকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই বিকেল পাঁচটার দিকে ওই আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটিতে আরোহী হিসেবে উঠে আগুন লাগিয়ে দিয়ে নিজেরাও সেই আগুনে পুড়ে মারা যান ওই বাস কোম্পানির এক বরখাস্ত হওয়া ম্যানেজার এবং তার স্ত্রী।
বাসটির চালক চেন জুন জানিয়েছেন, ডেপুটি ম্যানেজার জিয়াও ইয়ংহুয়া এবং তার স্ত্রী সামনের দিকের আসনে বসা ছিলেন। তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ থেকেই আগুনের সূত্রপাত হয়। আহত অবস্থায় আটক চালক চেন জুন পুলিশকে একথা জানিয়েছেন।
জানালা দিয়ে লাফিয়ে পড়ে বেঁচে যাওয়া বাসটির এক আরোহী ঝাং দাজং বলেছেন, যে ব্যাগ দুটি থেকে আগুন লাগে সেগুলোসহ ওই দম্পতি সামনের দিকের আসনে থাকায় বাসের সামনের দিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে যাত্রীরা কেউ দরজার কাছে যেতে পারেননি। এতে বেশিরভাগ যাত্রী আগুনের কবলে পড়েন। ম্যানেজার ইয়ংহুয়া এবং তার স্ত্রীও আগুনে পুড়ে মারা যান।
বাসটির চালক জানান, গত মাসের ২০ তারিখ পর্যন্ত ওই বাস কোম্পানির ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ইয়ংহুয়া। পারিবারিক বিরোধের জের ধরে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেন নি তিনি।
চংকিংয়ের দুজন ভাইস মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ১১ জনকে কাছের একটি হাসপাতালে চিকৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে প্রায় এক বছর আগে চংকিংয়ে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৩৪৮ ঘ.
bdnews24