ডাভোস, সুইজারল্যান্ড, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব উষ্ণায়নের ফলে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের পর্যটন শিল্পে বড় ধরনের পরিবর্তন আসবে। তখন নিজের দেশেই সবাই অবকাশ কাটাতে চাইবে। এর ফলে পর্যটনশিল্প নির্ভর দেশগুলোর কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব পড়তে পারে। জাতিসংঘের এক মূল্যায়ন প্রতিবেদনে এই আশঙ্কা করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও পর্যটনশিল্প বিষয়ে জাতিসংঘ সম্মেলনের জন্য জাতিসংঘের পরিবেশ প্রকল্প, বিশ্ব জলবুয়ু সংস্থা ও বিশ্ব পর্যটন সংস্থা এই প্রতিবেদন তৈরি করেছে। এতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এর ফলে দূর-যাত্রার ভ্রমন আকর্ষণ হারাতে পারে।
ইউরোপ, কানাডা, যুক্তরাষ্ট্র ও জাপানের অবকাশযাপনকারীরা দীর্ঘ গ্রীষ্মের সুবিধা নিয়ে তাদের দেশেই ছুটি কাটাতে চাইবে। এর ফলে উত্তর ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা ও ক্যারাবিয়ান রাষ্ট্র এবং উত্তর-পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ভ্রমনের পরিমাণ কমে যেতে পারে। তখন শীতপ্রধান দেশগুলোর মানুষ দূরের যাত্রায় আর গ্রীষ্মপ্রধান দেশে অবকাশ কাটাতে যেতে চাইবে না। কেননা তাদের দেশেই গ্রীষ্মের উপযোগী আবহাওয়া বিরাজ করবে।
এতে করে পর্যটন শিল্প নির্ভর দেশের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে। তাদের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24