২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত অবসানে মক্কায় আলোচনায় রাজি ফিলিস্তিনি নেতারা

সংঘাত অবসানের লক্ষ্যে মক্কা আলোচনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিবদমান গ্র“প হামাস ও ফাতাহ। রোববার সৌদি আরব সরকার তাদের এ আমন্ত্রণ জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 01:37 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত বছরের নির্বাচনে হামাস দল জয়ী হওয়ার পর থেকেই তাদের মধ্যে সংঘাত চলছে। আর গত মাসে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগাম নির্বাচনের ঘোষণা দিলে তা চরম আকার ধারণ করে। গত তিন দিনে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় কমপক্ষে ২৫ জন।

এর পরিপ্রেক্ষিতে সমঝোতার জন্য সৌদি বাদশাহ আবদুল্লাহ দুই পক্ষকে চিঠি দেন। চিঠিতে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষ পরিবেশে বসে বিবাদ মীমাংসার আমন্ত্রণ জানানো হয়। দুই দলের বিবাদকে ‘বড় ধরনের অপরাধ’ বলেও উল্লেখ করেন সৌদি বাদশাহ।

হামাসের নেতৃত্বাধীন সরকার সৌদি আরবের এ আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, “জাতীয় ঐক্য বজায় রাখার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আর আমি মনে করি সমস্যা সমাধানে আলোচনার টেবিলকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।”

এদিকে ফাতাহ দলের উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা আহমেদ আবদেল রহমান প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন,“আমরা মক্কায় গিয়ে আলোচনায় বসতে প্রস্তুত আছি।”

তবে প্রস্তাবিত ওই বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।