২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে রাশিয়া

ইরানকে বিমান বিধ্বংসী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 07:53 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানভ মঙ্গলবার এ কথা জানান।

তিনি আরো জানান, তার দেশ তেহরানের প্রস্তাব অনুযায়ী তাদের প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করা হবে কিনা তা ভেবে দেখবে।

মস্কোয় সাংবাদিকদের তিনি বলেন, “চুক্তি অনুযায়ী আমরা ইরানকে আধুনিক স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ব্যবস্থা টিওআর--এম১ সরবরাহ করেছি।”

“ইরানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং তারা যদি সশস্ত্রবাহিনীর জন্য প্রতিরক্ষামূলক অস্ত্র পেতে চায় তবে আমরা কেন তা সরবরাহ করবো না?”

রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের এক সূত্র পরে রয়টার্সকে জানান, তারা ইরানের সঙ্গে স্বাক্ষরিত ১০০ কোটি ডলারের চুক্তি অনুযায়ী ভারি অস্ত্র সরবরাহ করেছেন। তবে চুক্তি অনুযায়ী ওই অর্থের সমপরিমাণ অস্ত্র এখনও সরবরাহ করা হয়নি।

ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তিটির সমালোচনা করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশঙ্কা, ইরান টিওআর--এম১ ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে জাতিসংঘ সম্প্রতি দেশটির সঙ্গে অন্য দেশগুলোর পরমাণু সংক্রান্ত স্পর্শকাতর দ্রব্য ও প্রযুক্তি লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অনিচ্ছা সত্ত্বেও জাতিসংঘের এ নিষেধাজ্ঞা মেনে নিলেও রাশিয়া বলছে, এ নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

রাশিয়ার সেনাবাহিনী বলছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানকে আকাশ পথে হামলা থেকে মুক্ত রাখবে। এ ব্যবস্থা প্রতিবেশীদের জন্য আশঙ্কার হবে না বলেও তারা দাবি করে।

ইরানকে দীর্ঘ পাল্লার এস৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা থাকলেও রাশিয়া গত বছর সে পরিকল্পনা বাতিল করে।