২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়োটো সনদ অনুমোদনে যুক্তরাষ্ট্রকে চাপ দিন: আল গোর

বিশ্ব উষ্ণায়ন রোধে জাপানি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 07:02 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার টোকিওতে জাপানের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

আল গোরের নির্মিত প্রামাণ্য চিত্র ‘বিপন্ন সত্য (অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ)’ এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে জাপানে। আন্তর্জাতিক পুরস্কার জয়ী ওই প্রামাণ্য চিত্র নির্মাণের মধ্য দিয়ে ইতোমধ্যে পরিবেশবাদী আন্দোলনে নাম লিখিয়েছেন সাবেক এ ডেমোক্রেট নেতা।

আল গোর বলেন, “যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে জাপানি ব্যবসায়ীদের রয়েছে বিশাল ভূমিকা। কিয়োটো সনদ অনুমোদনে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতেও আপনারা সক্ষম। তাই আপনারা যদি চাপ দেন, তবে যুক্তরাষ্ট্র বর্তমান অবস্থান থেকে সরে আসতে পারে। পৃথিবী রক্ষায় আপনারা এগিয়ে আসবেন, এ প্রত্যাশাই করি।”

যুক্তরাষ্ট্রের ৩৩০টি শহর কিয়োটো সনদ অনুমোদনের পক্ষে রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র কিয়োটো সনদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তাদের বক্তব্য, এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।