পাকিস্তানে আফগান শরণার্থী শিবিরে বিস্ফোরণে নিহত ২
পাকিস্তানের এক আফগান শরণার্থী শিবিরে সোমবার এক বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
দেশটির উত্তর--পশ্চিমাঞ্চলীয় পেশওয়ার শহরে অবস্থিত আফগান শরণার্থী শিবির জালোজাইয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত কয়েক বছরে সেখানে বেশ কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা মোহাম্মদ তাহির রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিস্ফোরণে ওই শিবিরের ভেতরে মাটির তৈরি একটি ঘরের ছাদ বিধ্বস্ত হওয়ায় দুই ব্যক্তি নিহতসহ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন তাহির।
প্রসঙ্গত ১৯৮০ সালে তৎকালীন সোভিয়েত বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় লাখ লাখ আফগান দেশ থেকে পালিয়ে পাকিস্তানে যাওয়ার পর থেকে সেখানেই বসবাস করছেন।
