আসিয়ান সম্মেলনে উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিরসনের তাগিদ
উত্তর কোরিয়ার পরমাণু সংকট নিরসনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানাবে আসিয়ান।
একটি পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলার ব্যাপারেও আলোচনা হবে শীর্ষ বৈঠকে। সম্মেলনের আয়োজক সূত্র রোববার একথা জানায়।
আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দিতে আসা চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউনের একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বরে আবে জাপানের ক্ষমতায় আসার পর এটাই এ ধরণের প্রথম বৈঠক।
বাণিজ্য জোটটির বর্তমান সভাপতি-রাষ্ট্র ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো এ বৈঠকে বসার জন্য চীন, জাপান ও কোরিয়ার নেতাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কোরিয়া সংকট নিরসনে আন্তর্জাতিক আলোচনার ভেন্যু হিসেবে ফিলিপাইনের নাম প্রস্তাব করেন তিনি। জিয়াবাওয়ের সঙ্গে রোববারের বৈঠকে তিনি ওই প্রস্তাব দেন।
শিনজো আবের সঙ্গে বৈঠকে অ্যারোইয়ো বলেন, “উত্তর কোরিয়ার একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে আবির্ভাবের পর জাপানেরও ওই প্রতিযোগিতায় যোগ দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু যত বেশি দেশ পরমাণু শক্তিধর হবে এ অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি ততোই বাড়বে।”
