থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকায় ৩ বৌদ্ধকে হত্যা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে তিন বৌদ্ধ ধর্মাবলম্বীকে হত্যা করেছে সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা।
পুলিশ জানায়, নিহত তিন জনই সহিংসতাপ্রবণ ইয়ালা প্রদেশের বাসিন্দা। এর মধ্যে এক জন রবার চাষী। হত্যার পর তার মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। আর তার স্ত্রীকে গুলি করা হয়। রবার বাগানেই ওই দম্পতির লাশ পড়ে ছিল। তাদের লাশের পাশে একটি কাগজে লেখা ছিল, একে একে থাইল্যান্ডের সব বৌদ্ধকেই হত্যা করা হবে।
পৃথক ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই তরুণ গুলি চালিয়ে হত্যা করে এক বৃদ্ধকে।
এছাড়া, শনিবার একই এলাকায় আততায়ীর গুলিতে নিহত হন পুলিশ সার্জেন্ট মেজর পাক পেটমালাই।
থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশে স্বাধীনতার দাবিতে মুসলমানরা তিন দশক ধরে আন্দোলন চালিয়ে আসছে। মালয়ভাষী এ মুসলমানরা থাইল্যান্ডের মূল জনস্রোত থেকে নিজেদের আলাদা মনে করে। গত তিন বছরে সংঘাতে ওই অঞ্চলে প্রায় দুই হাজার লোক প্রাণ হারায়।
