আসামে সেনা অভিযান বন্ধ না হলে হামলা হবে: উলফা
সেনা অভিযান বন্ধ না হলে তারা কংগ্রেস নেতাদের ওপর হামলা চালাবে বলে হুমকি দিয়েছে আসামের বিদ্রোহী গ্র“প উলফা।
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (উলফা) এর সামরিক শাখার প্রধান প্রবাল নিয়োগ শনিবার রয়টার্সকে টেলিফোনে বলেন, “চলমান সেনা অভিযান বন্ধ না হলে কংগ্রেস নেতারা তো বটেই, তৃণমূল পর্যায়ের কর্মীরাও আমাদের হামলার লক্ষ্যবস্তু হবেন।”
আসামে গত এক সপ্তাহে সহিংসতায় ৭২ জন নিহত হয়েছেন। এর জন্য উলফাকে দায়ী করে সেখানে সেনা অভিযানের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। গত তিন দিন ধরে সেখানে অভিযান চলছে।
এক সেনা কর্মকর্তা জানান, বিদ্রোহীদের গ্রেফতার করতে পাহাড়ে পাহাড়ে অভিযান চলছে।
এদিকে স্বরাষ্ট্র সচিব ভি কে দু¹াল শনিবার জানান, প্রয়োজনে সেখানে আরো সেনা পাঠানো হবে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ সপ্তাহেই আসাম সফর করছেন। সফরকালে নিহতদের পরিবারের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
তার এ সফর প্রসঙ্গে উলফা নেতা বলেন, “রাজনৈতিক নেতারা এখানে এসে মায়াকান্না জুড়ে দেন। আর ভেতরে ভেতরে রাজ্যবাসীর মনে বিভেদের বীজ বুনতে থাকেন।”
উলফার অভিযোগ, তারা বঞ্চনার শিকার এবং আসামের প্রাকৃতিক সম্পদ রাজ্যবাসীর কাজে ব্যয় না করে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছে।
