২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো কারাগার বন্ধের দাবিতে বিশ্বব্যাপী বিক্ষোভ

“গুয়ানতানামো কারাগার আমাদের লজ্জা”, “অবিলম্বে এ কারাগার বন্ধ করে দেওয়া হোক”, - এ রকম শ্লোগানে শ্লোগানে বৃহস্পতিবার লন্ডন, ওয়াশিংটন আর মেলবোর্নসহ বিশ্বের বিভিন্ন শহর মুখর করে তুলেছিলেন শত শত বিক্ষোভকারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গুয়ান্তানামো বে--এর কারাগার প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকীতে ডাক দেওয়া হয় এ বিক্ষোভের। বন্দিদের মতো কমলা রঙের পোশাক পরেই শহরগুলোতে জড়ো হন যুদ্ধবিরোধী আন্দোলনের পরিচিত মুখ সিন্ডি শিহানসহ মানবাধিকার কর্মীরা।

সিন্ডি শিহানের নেতৃত্বে প্রতিবাদকারীরা পূর্ব কিউবায় মার্কিন সামরিক ঘাঁিটর দিকে পদযাত্রা করেন। ওয়াশিংটনে একটি আদালত ভবনে কমলা রঙের পোশাক পরে বিক্ষোভকালে গ্রেফতার করা হয় প্রায় ১০০ মানবাধিকারকর্মীকে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করছিলেন বলে জানান আদালতের মুখপাত্র শেলডন øুক।

ওয়াশিংটনে সুুপ্রিম কোর্টের সামনে সমবেত হয়ে “গুয়ানতানামো কারাগার বন্ধ করা হোক” এবং “নির্যাতন বন্ধ কর” শিরোনামে গান গেয়ে প্রতিবাদ জানান শতাধিক জনতা। 

লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তিনশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী কারাপোশাক পরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা অভিনয়ের মাধ্যমে বন্দি অত্যাচারের নির্মম চিত্র ফুটিয়ে তোলেন।

গুয়ানতানামোয় আটক অস্ট্রেলিয়ান ডেভিড হিকসের মুক্তি দাবিতে মেলবোর্নে বিক্ষোভ হয়। বিক্ষোভ হয় মরক্কোয়ও। রাবাতে জাতিসংঘের কার্যালয়ের সামনে সমাবেশ থেকে আটক মরক্কোর নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়।

এদিকে জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার এক ভাষণে অতিসত্বর কারাগারটি বন্ধের আহ্বান জানিয়েছেন।