২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকারাগুয়ায় ক্ষমতায় ফিরলেন ওর্তেগা

যুদ্ধকালীন ল্যাতিন আমেরিকান বামপন্থী নেতা ড্যানিয়েল ওর্তেগা পুনরায় নিকারাগুয়ার ক্ষমতায় ফিরে এলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গত বছরের নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর বুধবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। ওর্তেগার ক্ষমতায় ফেরার মাধ্যমে ল্যাটিন আমেরিকায় শাভেজের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বিরোধী জোট আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

১৯৭৯ সালের সমাজতান্ত্রিক সান্দিনিস্তা বিপ্লবের মাধ্যমে প্রথমবার নিকারাগুয়ার ক্ষমতায় আসেন ওর্তেগা। এর আগে দীর্ঘদিন ধরে মার্কিন সমর্থিত একনায়করা দেশটি শাসন করে আসছিল। বিপ্লবের পরপরই স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতিতে দ্রুত সাফল্য পেলেও তা বেশিদিন ধরে রাখতে পারেননি ওর্তেগা।

ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন মদদপুষ্ট কন্ট্রা বিদ্রোহীদের সঙ্গে ১১ বছরের গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে হয় তাকে। অবশেষে ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময়েই নিকারাগুয়ার নির্বাচনে হেরে যান ওর্তেগা। আবার শুরু হয় নিকারাগুয়ার মার্কিন সমর্থিত শাসনের। গত ১৬ বছরে কয়েকবার চেষ্টা করলেও নির্বাচনে জিততে পারেননি ওর্তেগা।

এবার ক্ষমতায় ফিরে ওর্তেগা বলেছেন, তিনি নিজেকে এখনো একজন সমাজতান্ত্রিক নেতা মনে করেন। তবে আশির দশকে তার নেয়া অনেক অর্থনৈতিক কর্মসূচিকেই এখন ভুল মনে করেন এবং সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে ওই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।