২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমলিয়ায় মার্কিন বিমান হামলা, বহু হতাহত

আল কায়েদার এক সদস্য লুকিয়ে আছেÑএই অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার  সোমালিয়ার একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে। মার্কিন বিমানের মুহুর্মূহু গোলা বর্ষনে অনেক গ্রামবাসী নিহত হওয়ার খবর জানিয়েছে সোমালিয়া সরকারের মুখপাত্র। ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাক যুদ্ধে ব্যবহৃত এসি-১৩০ বিমান থেকে শত শত রাউন্ড ভারী কামানের গোলা ফেলা হয় দেশের দক্ষিণাঞ্চলের হাইয়ো নামের গ্রামটিতে। আফ্রিকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য জেবুতিতে স্থাপিত মার্কিন বিমান ঘাঁটি থেকে পরিচালনা করা হয় এই হামলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আমেরিকা বলেছে, সাম্প্রতিক সরকার বিরোধী লড়াইয়ে গ্রামটিতে ঘাঁটি গেড়েছিল ইসলামি বাহিনী। এদের মধ্যে ঘাঁপটি মেরে থাকা আল কায়েদা সদস্যকে হত্যার লক্ষ্যেই হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ওই সন্দেভাজন আল কায়েদা সদস্যের নাম জানায়নি। 

সোমালিয়ার ইসলামি বাহিনী অবশ্য আল কায়েদা কোন সদস্যকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, সোমালিয়ায় আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ ফেঁদেছে।

সোমালিয়া সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা  রয়টার্সকে জানান, “সোমবার রাতের এই হামলায় গ্রামটিতে অনেক মানুষ ও পশুপাখির মৃত্যুর খবর আমরা পেয়েছি।”

এর আগে মার্কিন, ইথিওপীয় এবং কেনিয়ার গোয়েন্দারা অভিযোগ করেছিল যে, দেশটিতে আল কায়েদার কিছু জঙ্গি ঘাঁটি গেড়েছে এবং ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে হামলার জন্যও সোমালিয়াকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল আল কায়েদা জঙ্গিরা। ওয়াশিংটন দূতাবাসে হামলার জন্য  তিন প্রধান সন্দেহভাজনের নাম প্রকাশ করে। এরা হচ্ছেন কমোরা’র ফজলুল আবদুল্লাহ মোহাম্মদ, কেনিয়ার সালেহ আলি সালেহ নাবহান এবং সুদানের তাহা আল-সুদানি।