নোবেল বিজয়ী কিম-কে ভিসা দেয়নি মিয়ানমারের সামরিক জান্তা
নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডিন্ট কিম দায়ে-জুং এর ভিসার আবেদন নাকচ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।
মিয়ানমারের গনতন্ত্রকামী নেত্রী অং সান সু কির সঙ্গে সাক্ষাত করতে সেদেশ সফরের জন্য বিশ্বের আরো আটটি দেশের ১১জন নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে শুক্রবার এ আবেদন করেছিলেন তিনি । এদের মধ্যে পোল্যান্ডের লেস ভালেসা এবং ইরানের নোবেল বিজয়ী শিরিন এবাদিও ছিলেন বলে কিমের এক সহযোগী জানিয়েছেন।
টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে শনিবার তিনি আরো জানান,“আবেদনপত্র পেশ করার সঙ্গে সঙ্গেই তা নাকচ করে দেওয়া হয়।” তবে আবেদনকারীদের মধ্যে অন্য কারও ভিসা অনুমোদন করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ওই সহযোগী জানান ‘মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কিমের এ সফরের উদ্দেশ্য’-এ যুক্তি দেখিয়ে তার আবেদন নাকচ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে মিয়ানমারের শাসনক্ষমতা গ্রহণ করেছে সামরিক জান্তা । ১৯৯০ সালের নির্বাচনে সু কির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়ী হওয়ার পর থেকে গত ১৭ বছরের মধ্যে ১০ বছরেরও বেশি সময় ধরে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
