সাদ্দামের ফাঁসি আরো সুসভ্য প্রক্রিয়ায় হওয়া উচিৎ ছিল: বুশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, সাদ্দাম হোসেনের ফাঁসি আরো সুসভ্য প্রক্রিয়ায় কার্যকর করা উচিত ছিল। এদিকে ফাঁসির দৃশ্য অবৈধভাবে ভিডিওতে ধারণকারী দুই রক্ষীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ বলেন, মৃত্যুদণ্ড সাদ্দাম হোসেনের প্রাপ্যই ছিল, তবে তা সভ্যজগতের রীতিনীতি মেনেই হওয়া উচিৎ ছিল।
ফাঁসিকাষ্ঠে সেদিন যা ঘটেছে তার পূর্ণ তদন্ত হওয়া দরকার বলে মনে করেন জর্জ বুশ।
সাদ্দাম হোসেনের ফাঁসির পর এই প্রথম ওই বিষয়ে মুখ খুললেন বুশ। আগামী সপ্তাহেই তার নতুন ইরাক নীতি প্রকাশ করার কথা।
ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ঘনিষ্ঠ সহযোগী সামি আল আসকারি বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিচার মন্ত্রণালয়ের দুই প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জড়িত আরো কয়েকজনকে সনাক্ত করা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জাওয়াদ আল বোলানি বলেন, এ নিয়ে তদন্ত দ্রুতই এগিয়ে চলছে। যারা আইন ভেঙ্গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। সবাইকেই আইন মেনে চলতে হবে। আইনের উর্ধ্বে কেউই নয়।
