২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বিমানটি এখনও নিখোঁজ

১০২ আরোহীসহ নিখোঁজ অ্যাডাম এয়ারের বিমানের সন্ধানে বুধবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সামরিক বাহিনীর বিমান নিয়ে বুধবার সকালে শুরু হয়েছে নতুন উদ্ধার অভিযান। নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ যেখান থেকে বিপদ সংকেত পাঠিয়েছিল বিমানটি, সুলাওয়েসি দ্বীপের ওই পার্বত্য উপকূলীয় অঞ্চলে চালানো হচ্ছে উদ্ধার অভিযান।

নিখোঁজ বিমানটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য এবং সরকারি কর্মকর্তাদের ভুল স্বীকারের পর নতুন করে উদ্ধার অভিযান শুরু হলেও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিমানটির আরোহীদের আত্মীয়রা।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল, সুলাওয়েসি দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ১২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু মঙ্গলবার তারা জানান, আগের তথ্যটি ভুল ছিল এবং এখনও বিমানটির কোন সন্ধান পাননি তারা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাভা দ্বীপের সুরাবায়া থেকে উত্তর-সুলাওয়েসির মানাদো'তে যাওয়ার পথে সোমবার বিমানটি নিখোঁজ হয়ে যায়।

ইন্দোনেশিয়ার এয়ার ফোর্সের লেফট্যান্টে কর্ণেল ফিরদৌস সামসুদ্দিন বলেন, আজকের অভিযানে মাজেনে এবং তোরাজার কাছাকাছি দুটি স্থানে অনুসন্ধান করব আমরা। সুলাওয়েসির ওই উপকূলীয় অঞ্চলে বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর সময়েও ভারি বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইছিল।

বিমানের যাত্রীদের নামের তালিকায় তিনজন বিদেশির নাম দেখা গেছে। ওই তিন বিদেশী যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে জাকার্তার মার্কিন দূতাবাস। ইন্দোনেশিয়ার একটি জাহাজ চারশরও বেশি যাত্রী নিয়ে ডুবে যাওয়ার ঠিক দুদিন পরেই বিমানটি নিখেঁাঁজ হলো।

অ্যাডাম এয়ার বিমান সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৩ সালের ডিসেম্বরে তাদের চলাচল শুরু হয়। সংস্থাটির চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার আগাং লাকসোনো। পরিবহন মন্ত্রণালয় জানায়, ২০০৫ সালের ডিসেম্বরে বিমানটি সর্বশেষ মেরামত করা হয়েছিল।