২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের সন্ধান মেলেনি

ইন্দোনেশিয়ায় নিখোঁজ অ্যাডাম এয়ারের বিমানের সন্ধান এখনো পাওয়া যায়নি। এর আগে বলা হয়েছিল ভারী বৃষ্টিপাতের কারণে সুলাওয়েসি দ্বীপে সেটি বিধ্বস্ত হয়ে ৯০ জন নিহত হয়েছে। ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১২ যাত্রীকে। নিহতদের মধ্যে তিনজন বিদেশিও আছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 07:11 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

মাকাসার বিমান ঘাঁটির কমান্ডার এয়ার মার্শাল এডি সুইয়ান্তো মঙ্গলবার বলেন, “বিমানটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সেটি বিধ্বস্ত হওয়ার যে খবর আমরা আগে দিয়েছিলাম তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

অন্যদিকে, ইন্দোনেশিয়ার যোগাযোগমন্ত্রী হাত্তা রাদজাসা বলেন, “বিমানাটি বিধ্বস্ত হওয়ার এবং ১২ জনকে জীবিত উদ্ধার করার খবর সম্পর্কে নিশ্চত হওয়া যায়নি।”

এডি সুইয়ান্তো এর আগে বলেছিলেন, “পোলওয়ালি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পোলেওয়ালি পার্বত্য এলাকায় বোয়িং ৭৩৭-- ৪০০ বিমানটি বিধ্বস্ত হয়। এলাকাটি চিহ্নিত করা গেছে।”

এছাড়া, অ্যাডাম এয়ারের মুখপাত্র হার্তোনো জানান, দুর্ঘটনা কবলিত বিমানটির ১০২ জন যাত্রীর মধ্যে মাত্র ১২ জন বেঁচে রয়েছেন। তাদের মাকাসার নিয়ে আসা হচ্ছে। তবে মাকাসারে বিমান কর্তৃপক্ষের কাউকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

বিমানের যাত্রীদের নামের তালিকায় তিনজন বিদেশির নাম দেখা গেছে। তবে তারা কোন দেশের তা জানা যায়নি।

ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সেতিও রাহার্দজো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানটির কালো বাক্সটি উদ্ধারের জন্য বিশেষজ্ঞদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা এখনও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছি। এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

স্থানীয় লোকজন সর্বপ্রথম দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে বলে কর্মকর্তারা সে সময় জানান।

শতাধিক আরোহী নিয়ে অ্যাডাম এয়ার কোম্পানির একটি বিমান জাভা দ্বীপের সুরাবায়া থেকে সুলাওয়েসির মানাদো যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সোমবার সুরাবায়া ছাড়ার এক ঘণ্টা পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জন্য প্রাথমিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার একটি জাহাজ চারশরও বেশি যাত্রী নিয়ে ডুবে যাওয়ার ঠিক দুদিন পরেই বিমানটি নিখেঁাঁজ হলো।

অ্যাডাম এয়ার বিমান সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৩ সালের ডিসেম্বরে তাদের চলাচল শুরু হয়। সংস্থাটির চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার আগাং লাকসোনো। পরিবহন মন্ত্রণালয় জানায়, ২০০৫ সালের ডিসেম্বরে বিানটি সর্বশেষ মেরামত করা হয়েছিল।

এর আগে গতবছর ফেব্র“য়ারিতে একই কোম্পানির আরেকটি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়েছিল।