প্রত্যাশার চেয়ে দ্বিগুন দামে বিক্রি হলো হিটলারের চিত্রকর্ম
যুক্তরাজ্যে নিলামে প্রত্যাশার চেয়ে দ্বিগুন মূল্যে বিক্রি হয়েছে এডলফ হিটলারের চিত্রকর্ম। মঙ্গলবার জল রঙে আঁকা হিটলারের ১৯টি চিত্রকর্ম ও দুটি স্কেচ নিলামে বিক্রির ঘোষণা দিয়েছিল ব্রিটেনের দক্ষিণ-পশ্চিমে কর্নওয়ালের নিরিবিলি ছোটো শহর লস্টউয়িথিলের জেফারিস নামের একটি অখ্যাত নিলাম প্রতিষ্ঠান।
নিলাম প্রতিষ্ঠানটি হিটলারের আঁকা মোট ২১টি শিল্পকর্মের দাম হেঁকেছিল ১ লাখ ১৮ হাজার পাউন্ড বা ২ লাখ ২৩ হাজার ডলার।
জেফারিসের এক মুখপাত্র ক্রিস ওয়াল্টন জানান, হিটলারের শিল্পকর্মগুলোর প্রায় সবগুলোই ল্যান্ডস্কেপ যার প্রত্যেকটি ৬,১০০ ডলার থেকে ১৯,৯৭৫ ডলারে বিক্রি হয়েছে। তবে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে “দি চার্চ অব প্রিউক্স-অউ-বয়িজ” নামের ছবিটি।
তবে কারা বিতর্কিত এই নাৎসী নেতার শিল্পকর্মগুলো কিনেছেন তা জানা যায়নি। সাংবাদিকদের সাথে কথা বলতেও রাজী হননি তারা।
হিটলারের এই শিল্পকর্মগুলো বেলজিয়ামের একটি ফার্মহাউজ থেকে উদ্ধার করা হয়।
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর তরুণ সৈনিক হিটলার বেলজিয়ামের একটি সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। এই শিল্পকর্মগুলো সে সময়ে আঁকা। এগুলোতে বেলজিয়ামের গ্রামীণ বাড়ী-ঘর ও শান্ত নিসর্গের চিত্র ফুটে উঠেছে।
লস্টউয়িথিয়েলের এক সৌখিন শিল্প সংগ্রাহকের কাছ থেকে এগুলো উদ্ধার করে জেফারিস।
জেফারিস জানিয়েছিল এগুলো হিটলারের আঁকা কিনা তা যাচাই করতে ক্রেতারা সম্ভাব্য সব ধরনের পরীক্ষা চালাতে পারবেন।
তরুণ বয়সে আঁকা এই চিত্রকর্মগুলোতে হিটলারের সে সময়কার অনন্য চিন্তাধারার প্রতিফলন ঘটেছে।
