ভরশূন্য অবস্থায় মানবদেহে প্রথম অস্ত্রোপচার করবে ফ্রান্স
মহাশূন্যে মানবদেহে অস্ত্রোপচার সম্ভব কিনা তা জানতে পরীক্ষামূলক অস্ত্রোপচারের আয়োজন করেছেন ফ্রান্সের একদল চিকিৎসক।
এর আগে কৃত্রিমভাবে আকাশে ভরশূন্য অবস্থা সৃষ্টি করে একটি ইদুরের ওপর পরীক্ষামূলক অস্ত্রোপচার চালিয়েছিল ফরাসী চিকিৎসাবিজ্ঞানীরা।
তবে কৃত্রিম ভরহীনতা তৈরি করে মানবদেহে অস্ত্রোপচারের ঘটনা হবে এই প্রথম।
উড়ন্ত একটি বিমানে কৃত্রিমভাবে ভরশূন্য অবস্থা সৃষ্টি করে একজন স্বেচ্ছাসেবকের বাহুর টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে যাচ্ছেন ফ্রান্সের চিকিৎসকরা।
আর এই অস্ত্রোপচার সফল হলে মহাকাশের ভরশূন্য জগতকে আরো কাছ থেকে জানার সুযোগ পাবেন মহাকাশবিজ্ঞানীরা।
বিমানের বাইরে সার্জনদের বিশেষ পদ্ধতিতে অবস্থানের ব্যবস্থা করা হবে। তারা বিমানের সাথে বাঁধা অবস্থায় থাকবেন। আর রোগীকে রাখা হবে প্লাস্টিকের একটি তাবুর ভেতরে।
অপারেশনের ধাতব টেবিলের সাথে অস্ত্রোপচারের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত যন্ত্রপাতি চুম্বকের সাহায্যে আটকে রাখার ব্যবস্থা করা হবে।
দক্ষিণ--পশ্চিম ফ্রান্সের আকাশে বিমানটি ঘণ্টা তিনেক চক্রাকারে ওঠানামা করবে। ভরহীনতা সৃষ্টির জন্য অনেকটা বাজ পাখির ছোঁ মেরে শিকার ধরার মতো বিমানটি একবার নিচে নেমে আসবে, পরমুহূর্তেই আবার ওপরে উঠে যাবে। এরকম পরপর কয়েকবার ভরহীন পরিবেশ তৈরি করে অস্ত্রোপচার করা হবে।
