২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজাকে ‘টাইম বোমা’ বলে আখ্যায়িত করলেন জাতিসংঘ কর্মকর্তা

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মধ্যপ্রাচ্যের গাজা ভূ-খন্ডকে ‘টাইম বোমা’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, লেবানন ইস্যুতে মনোযোগ দিতে গিয়ে ফিলিস্তিনিদের বিষয়টি ভুলে যাওয়া উচিত হবে না মোটেও।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ের পর দেশটিতে সাহায্যের ওপর যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল তা নিয়ে আলোচনার জন্য স্টকহোমে বিদেশী দাতা গোষ্ঠীরা বৈঠকে বসার প্রেক্ষিতে মানবাধিকার কমিশনের প্রধান জন এগল্যান্ড এ মন্তব্য করেন। 

এগল্যান্ড বলেন, ‘লেবাননের নাগরিকদের মতোই ফিলিস্তিনিদেরও একই পরিমাণ ত্রাণ ও অর্থ সাহায্যের প্রয়োজন আছে। তিনি বলেন, ফিলিস্তিনের ১৪ লাখ মানুষ একটি খাঁচার মধ্যে বাস করছে। সীমান্ত তাদের জন্য একেবারেই বন্ধ হয়ে গেছে। তারা বাইরে যেতে পারে না, ফলে তাদের অর্থনীতিও ভেঙ্গে পড়ছে। তাদের প্রয়োজনীয় বিদ্যুত নেই, পানি নেই, সামাজিক অবস্থাও অসহনীয় হয়ে উঠেছে। কাজেই তাদের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ টাকা এবং এই যুদ্ধের একটি সুষ্ঠু রাজনৈতিক সমাধান’।

এবছরের শুরুর দিকে ফিলিস্তিনে হামাস সরকার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর সাহায্য বন্ধ করে দেয়। পরবর্তীতে তা কিছুটা শিথিল করা হলেও ত্রাণকর্মীরা একে যথেষ্ট নয় বলে মত দেন।

একটি সূত্র জানিয়েছে, বৈঠকে জাতিসংঘের আবেদন অনুযায়ী ৩৩০ মিলিয়ন ডলার দাবি আদায়ের চেষ্টা চলছে।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, বৃহস্পতিবার ওই বৈঠকে দাতা গোষ্ঠীরা লেবাবন পুনর্গঠনে যে পরিমাণ সাহায্য চাওয়া হয়েছিল তার প্রায় দ্বিগুণ সাহায্য প্রদানের বিষয়টি অনুমোদন করে। প্রায় ৫০ টি দেশ ও সংস্থা এই বৈঠকে অংশ নিচ্ছে। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনার কথা রয়েছে।